কলকাতা: একটানা দাবদাহের পর দক্ষিণবঙ্গে স্বস্তি এনেছে কালবৈশাখী। শুক্রবার বৃষ্টির সাময়িক বিরতি থাকলেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার থেকেই ফের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফিরবে ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ...
By Moumita Biswas
Published: May 2, 2026 11:01 AM
কলকাতা: একটানা দাবদাহের পর দক্ষিণবঙ্গে স্বস্তি এনেছে কালবৈশাখী। শুক্রবার বৃষ্টির সাময়িক বিরতি থাকলেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার থেকেই ফের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফিরবে ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। এমনকি আগামী ৪ মে, মঙ্গলবার ভোট গণনার দিনও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। ফলে রাজনৈতিক পারদ চড়লেও আবহাওয়ার মেজাজ যে ঠান্ডা থাকবে, সেই ইঙ্গিতই মিলছে। (South Bengal weather update)
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।
শনিবার সকাল থেকেই কলকাতায় কখনও রোদ, আবার কখনও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৬.২ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ২৯.২ ডিগ্রিতে। হাওয়া অফিসের পূর্বাভাস, শনি ও রবিবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গণনার দিনেও দুপুরের পর থেকে কলকাতায় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গও। আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলোতে বৃষ্টি চলতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

