Kerala Blasters confirm Peter Hartley's appointment as assistant coach, strengthening Ashley Westwood's staff. The former ISL defender joins amid a tough season as the club aims to improve performances and climb the table.
By Sayan Sengupta
Published: April 11, 2026 1:30 PM
কলকাতা: গত সিজনে ও ভালো পারফরম্যান্স ছিল না কেরালা ব্লাস্টার্সের। এই পরিস্থিতিতে ওডিশায় আয়োজিত সুপার কাপের শুরুতেই দলের দায়িত্বে এসেছিলেন ডেভিড কাতলা। তাঁর তত্ত্বাবধানে দল প্রথম ম্যাচে জয় পেলেও পরবর্তীতে আর এগোতে পারেনি। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দলের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। তবু সমস্ত হতাশা ভুলে এবারের এই মরসুমে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিল দক্ষিণের এই শক্তিশালী দল। সুপার কাপে ভালো খেলেও গ্রুপ পর্বের গন্ডি টপকানো সম্ভব হয়নি।
তারপর এবারের এই ইন্ডিয়ান সুপার লিগের প্রথম থেকেই একের পর এক ম্যাচে পরাজিত হয়েছে কেরালা। দানিশ ফারুকরা একের পর এক ম্যাচে দাপুটে ফুটবল খেললেও পয়েন্ট পাচ্ছিল না কিছুতেই। মাঝে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ড্র করলেও সেটা বজায় থাকেনি পরবর্তীতে। পাঞ্জাব এফসির কাছে পরের ম্যাচেই ধরাশায়ী হয়েছিল কেরালা। এমন পরিস্থিতিতে ছাঁটাই করা হয় ডেভিড কাতলাকে। দায়িত্বে আসেন অ্যাশলি ওয়েস্টউড। গত কয়েকদিন আগে তাঁর তত্ত্বাবধানে দল খেলতে নামলে আসেনি জয়। যদিও বাকি ম্যাচ গুলিতে ভালো পারফরম্যান্স করতে মরিয়া দলের ফুটবলাররা।
তবে এসবের মাঝেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল পিটার হার্টলির নাম। একটা সময় জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন এই ব্রিটিশ ডিফেন্ডার। পরবর্তীতে তাঁকে দলে টেনেছিল বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব। সেখান থেকেই ফিরে গিয়েছিলেন বিদেশে। তারপর ফুটবলার হিসেবে নিজের ক্যারিয়ারে ইতি টানেন পিটার। শোনা যাচ্ছিল যে সব ঠিকঠাক থাকলে ওয়েস্টউডের সহকারী হিসেবে তিনি হয়তো যোগ দিতে পারেন কেরালায়। সেটাই হয়েছে। গত শুক্রবার নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে ম্যানেজমেন্ট।
যেখানে বলা হয়েছে, 'আইএসএলের প্রাক্তন লিগ শিল্ড চ্যাম্পিয়ন, পিটার হার্টলি এই সিজনের বাকি সময়ের জন্য ব্লাস্টার্সের সহকারী কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। যার মাধ্যমে অ্যাশলির ব্যাক-রুম স্টাফ পূর্ণ হলো।'
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের প্রতি আগ্ৰহ রয়েছে।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

