কলকাতা: সাময়িক বিরতির পর আজ বিকেলে আইএসএলের পরবর্তী ম্যাচে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে প্রতিপক্ষ রয়েছে জামশেদপুর এফসি। ম্যাচের আগে থেকেই ধারে ও ভারে প্রতিপক্ষ দলের ...
By Sayan Sengupta
Published: April 4, 2026 6:34 PM
কলকাতা: সাময়িক বিরতির পর আজ বিকেলে আইএসএলের পরবর্তী ম্যাচে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট।
যেখানে প্রতিপক্ষ রয়েছে জামশেদপুর এফসি। ম্যাচের আগে থেকেই ধারে ও ভারে প্রতিপক্ষ দলের তুলনায় অনেকটা এগিয়ে ছিল মোহনবাগান। তবে অ্যাওয়ে ম্যাচ থাকায় লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানতেন লোবেরা। তাই সবদিক মাথায় রেখেই একাদশ সাজিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে সবুজ-মেরুন।
দলের হয়ে গোল পেয়েছেন লিস্টন কোলাসো। ম্যাচের প্রথম থেকেই বল দখলের লড়াইয়ে জমজমাট হয়ে উঠেছিল ম্যাচ। তবে এসবের মাঝেই ম্যাচের প্রথম কোয়ার্টারের একেবারে শেষ লগ্নে জামশেদপুরের রক্ষণভাগে হানা দিয়েছিল সবুজ মেরুন ফুটবলাররা। তারপর শুভাশিস বসুর পাস থেকে বল রিসিভ করেন ভারতীয় তারকা লিস্টন কোলাসো। তারপর কিছুটা এগিয়ে এসে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন জাতীয় দলের এই ফুটবলার। অনায়াসেই সেকেন্ড পোষ্টের গা ঘেসে বল চলে যায় গোলের মধ্যে।
কার্যত অসহায় হয়ে দাঁড়িয়েছিলেন জামশেদপুরের গোলরক্ষক অ্যালবিনো গোমস। তারপর বেশ কয়েকবার আক্রমণে উঠে আসতে শুরু করেছিল ওয়েন কোয়েলের ছেলেরা। ভিন্সি ব্যারেটো থেকে শুরু করে মেসি বাউলিরা বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও অনায়াসেই পরিস্থিতি সামাল দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। তারপর তৃতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন রবসন রবিনহো থেকে শুরু করে জেমি ম্যাকলারেনরা। কিন্তু বল গোলে ঠেলে দেওয়া সম্ভব হয়নি।
তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। ফলাফল এখনও অপরিবর্তিত। লিস্টনের গোলেই এগিয়ে রয়েছে মোহনবাগান।
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের প্রতি আগ্ৰহ রয়েছে।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

