বহরমপুর: প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়। মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত বলরামপুরে তাঁর কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক্টর। ...
By Moumita Biswas
Published: April 11, 2026 12:35 PM
বহরমপুর: প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়।
মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত বলরামপুরে তাঁর কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক্টর। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ট্রাক্টরের সামনের অংশ এবং কনভয়ের গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। বরাতজোরে সুরক্ষিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, তাঁর কোনও চোট-আঘাত লাগেনি। তবে নির্বাচনের ঠিক মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে এহেন দুর্ঘটনার জেরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
রাজ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন জেলায় জনসভা রয়েছে। পূর্ব বর্ধমানের কালনা, দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির পাশাপাশি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও তাঁর প্রচার করার কথা। প্রধানমন্ত্রীর সেই সভাতেই যোগ দিতে যাওয়ার পথে এই বিপত্তি ঘটে। জানা গিয়েছে, যে গাড়িটিতে ট্রাক্টরটি ধাক্কা মারে, তাতে মূলত মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। চালকের অসতর্কতা নাকি ট্রাক্টরের যান্ত্রিক ত্রুটি, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই এই বহরমপুরেই প্রায় একইরকমভাবে দুর্ঘটনার মুখে পড়েছিল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কনভয়। কান্দি থেকে প্রচার সেরে ফেরার পথে তাঁর কনভয়ের একটি গাড়িতে লরি ধাক্কা মারায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। সেই ঘটনায় কড়া পদক্ষেপ করে খোদ নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছিল। এবার শান্তনু ঠাকুরের কনভয়ে দুর্ঘটনার জেরে শাসক-বিরোধী চাপানউতোর চরমে পৌঁছেছে।
দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

