কলকাতা: বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ মহারণে এবার প্রচারে ঝড় তুলতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পয়লা বৈশাখের আগেই বঙ্গ-বিজয়ের লক্ষ্যে সরাসরি ময়দানে নামছেন তিনি। দলীয় সূত্রে খবর, টানা দু'দিন ...
By Moumita Biswas
Published: April 7, 2026 3:10 PM
কলকাতা: বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ মহারণে এবার প্রচারে ঝড় তুলতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পয়লা বৈশাখের আগেই বঙ্গ-বিজয়ের লক্ষ্যে সরাসরি ময়দানে নামছেন তিনি। দলীয় সূত্রে খবর, টানা দু'দিন ধরে উত্তর থেকে দক্ষিণ, গোটা বাংলা চষে বেড়িয়ে কার্যত শাসকদলের ওপর প্রবল চাপ তৈরির কৌশল নিয়েছে গেরুয়া শিবির। একদিনে তিনটি করে জনসভার পাশাপাশি উত্তরবঙ্গে রাত্রিবাস ও মেগা রোড শোয়ের ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন নমো। (Narendra Modi Bengal campaign)
বিজেপির অন্দরমহল সূত্রে খবর, আগামী ৯ এপ্রিল আসানসোল, সিউড়ি এবং হলদিয়ায় পরপর তিনটি মেগা জনসভা করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের নজর মূলত হলদিয়ার সভার দিকে, কারণ এই হাই-প্রোফাইল সভাটি আয়োজিত হতে চলেছে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে। এরপর ১১ এপ্রিল ফের রাজ্যে এসে জঙ্গিপুর, কাটোয়া ও বালুরঘাটে পরপর তিনটে জনসভা করবেন তিনি। সেদিন রাতেই তাঁর শিলিগুড়ি পৌঁছনোর কথা। উত্তরবঙ্গে রাত্রিবাসের পর, পরদিন অর্থাৎ ১২ এপ্রিল শিলিগুড়ির রাজপথে একটি বর্ণাঢ্য মেগা রোড শোয়ের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মোদীর অন্তত ১৪টি জনসভা করার পরিকল্পনা রয়েছে বিজেপির। পাশাপাশি প্রচারে ঝাঁঝ বাড়াতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
অন্যদিকে, বঙ্গ বিজেপির এখনও একটি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। জানা যাচ্ছে, ৯ এপ্রিল মনোনয়ন পর্ব মিটলেই প্রকাশ করা হতে পারে দলের বহু প্রতীক্ষিত 'সংকল্প পত্র' বা ইস্তেহার। সেই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে দলের সর্বভারতীয় শীর্ষ নেতা নীতিন নবীনের উপস্থিত থাকার কথা। এর আগে কোচবিহারের সভা থেকে অনুপ্রবেশ, জনবিন্যাস এবং রাজনৈতিক মেরুকরণের ইস্যুতে শাসকদল তৃণমূলকে কড়া ভাষায় বিঁধেছিলেন প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন প্রচার-সফরেও সেই একই আগ্রাসী মেজাজ বজায় রেখে বিরোধীদের নিশানা করবেন নরেন্দ্র মোদী।
দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল 'একদিন' সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।
খবরের বাজারে বদলের হাওয়া
Follow Us On
© 2026 Copyright By Kolkata24x7 | All rights reserved.

