Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১৫ দিনের অনুপস্থিতিতেই প্রশাসক, পঞ্চায়েতে বড় বদলের পথে রাজ্য

১৫ দিনের অনুপস্থিতিতেই প্রশাসক, পঞ্চায়েতে বড় বদলের পথে রাজ্য

য়েব ডেস্ক: গ্রাম পঞ্চায়েতে (Gram Panchayat) প্রশাসনিক কাজ আরও গতিশীল ও স্বচ্ছ করতে নতুন আইন আনতে চলেছে রাজ্য সরকার। শনিবার বিধানসভায় পেশ হতে চলা পঞ্চায়েত সংশোধনী বিলে (Panchayat Amendment Bill) একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। বিল অনুযায়ী, কোনও গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান টানা ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে এবং দায়িত্ব নেওয়ার মতো কোনও নির্বাচিত সদস্য না থাকলে প্রশাসক নিয়োগ করা যাবে।

উদ্দেশ্য, জনপরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়।

প্রস্তাবিত বিলে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ ৩০ দিনের জন্য প্রশাসকের দায়িত্ব দিতে পারবেন। এছাড়া প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতিতে টানা দু’মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে বিডিও-র অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব বৈঠক ডাকতে পারবেন। সেই বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।

আরও খবর : রবিবার ১২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! হাওড়া-কলকাতা যাতায়াতে জারি বিশেষ ট্র্যাফিক নির্দেশিকা

পঞ্চায়েত সংশোধনী বিল (Panchayat Amendment Bill)-এ আর্থিক লেনদেনের ক্ষেত্রেও বড় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে অর্থ প্রদানের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। পাশাপাশি চেকে সচিব ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করা হচ্ছে। প্রতি মাসের আয়-ব্যয়ের হিসাব প্রধান এবং বিডিও-র কাছে জমা দেওয়ার দায়িত্বও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের উপর দেওয়ার প্রস্তাব রয়েছে।

এদিকে পঞ্চায়েতের কাজের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করতে জেলা সফরে নামছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। আগামী সপ্তাহে তিনি হাওড়া ও হুগলি সফরে গিয়ে বিডিও ও পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। সম্প্রতি ভার্চুয়াল বৈঠকে ৩,৩৩৯ জন পঞ্চায়েত প্রধানের মধ্যে ২,৬১০ জন উপস্থিত ছিলেন। দীর্ঘদিন একই পদে থাকা একাধিক আধিকারিকের বদলির সিদ্ধান্তও ইতিমধ্যে নেওয়া হয়েছে।

The post ১৫ দিনের অনুপস্থিতিতেই প্রশাসক, পঞ্চায়েতে বড় বদলের পথে রাজ্য first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV