ওয়েব ডেস্ক : আসন পুনর্বিন্যাস (Delimitation) এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের তৎপর কেন্দ্রীয় সরকার (Central Government)। সূত্রের খবর, এই দুই গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর লক্ষ্যে আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করেছে সরকার। ইতিমধ্যেই বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
সূত্রের খবর, প্রথম ধাপে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করা হবে। একইসঙ্গে জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে লোকসভার আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে লোকসভায় ৫৪৩টি আসন রয়েছে, যা বাড়িয়ে প্রায় ৮৫০ করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।
আরও খবর : তামিলনাড়ুর 'এলিয়েন মন্দির', যেখানে দেবতার আসনে ভিনগ্রহের প্রাণীর মূর্তি!
এর আগে বিশেষ অধিবেশনে এই বিলগুলি পাশ করানোর চেষ্টা করেছিল সরকার। কিন্তু সাংবিধানিক সংশোধনীর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সেই উদ্যোগ সফল হয়নি। তবে বর্তমানে এনডিএ শিবিরের শক্তি বেড়েছে। একাধিক দলের সাংসদের সমর্থনের ফলে এবার সংখ্যার অঙ্ক কিছুটা সহজ হতে পারে বলে মনে করছে সরকার।
বিল পাশ করাতে কংগ্রেসের পাশাপাশি আঞ্চলিক দলগুলির সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে বিজেপি। শরদ পাওয়ারের এনসিপি এবং ডিএমকের মতো দলগুলির সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গিয়েছে। তবে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যের আপত্তি এখনও রয়েছে। তাদের আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস (Delimitation) হলে সংসদে তাদের প্রতিনিধিত্বের অনুপাত কমে যেতে পারে। এই উদ্বেগ দূর করতে কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে, নতুন ব্যবস্থায় কোনও রাজ্যের বর্তমান আসন কমবে না। বরং লোকসভার মোট আসন বাড়ানোর মাধ্যমে সব রাজ্যের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা হবে বলে দাবি সরকারের।
অন্যদিকে, কংগ্রেসের অবস্থান হল, মহিলা সংরক্ষণ দ্রুত কার্যকর করা উচিত এবং এর জন্য নতুন করে আসন পুনর্বিন্যাসের অপেক্ষা করা ঠিক নয়। দলের দাবি, বর্তমান লোকসভার আসন সংখ্যার ভিত্তিতেই সংরক্ষণ চালু করা হোক। রাজনৈতিক মহলের মতে, এই বিলগুলি পাশ হলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই নতুন কাঠামো কার্যকর করার চেষ্টা করতে পারে কেন্দ্র। ফলে আগামী বিশেষ অধিবেশন ঘিরে সংসদে রাজনৈতিক উত্তাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
The post ২০২৯ লোকসভা ভোটের আগে বড় প্রস্তুতি? ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে সক্রিয় কেন্দ্র first appeared on KolkataTV.

