Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আগারকরকে সরিয়ে নতুন মুখ? BCCI-এর অন্দরমহলে চলছে কোন বড় পরিকল্পনা?

আগারকরকে সরিয়ে নতুন মুখ? BCCI-এর অন্দরমহলে চলছে কোন বড় পরিকল্পনা?

য়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটে ফের বড় রদবদলের জল্পনা। বিসিসিআইয়ের (BCCI) জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকরের (Ajit Agarkar) ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সূত্রের খবর, আগারকরের মেয়াদ শেষ হলে তাঁর জায়গায় বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বোর্ডের শীর্ষ মহল।

অজিত আগারকর (Ajit Agarkar) ২০২৩ সালে জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তাঁর চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। পরে বিসিসিআই তাঁকে আরও তিন মাসের মেয়াদ বৃদ্ধি দেয়। এর পরেই মনে করা হয়েছিল, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত আগারকরই নির্বাচক কমিটির নেতৃত্বে থাকবেন।

আরও খবর : শামির জন্য কি বন্ধ হচ্ছে টিম ইন্ডিয়ার দরজা? বুমরাহর বদলি ঘোষণা করে স্পষ্ট বার্তা নির্বাচকদের

তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের একাধিক বিষয় ঘিরে বোর্ডের অন্দরে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রোহিত শর্মার (Rohit Sharma) ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি নির্বাচক কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে খবর ছড়িয়েছিল, রোহিতকে পরবর্তী পরিকল্পনা থেকে বাদ দেওয়ার বিষয়ে নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু লর্ডসে সিরিজের শেষ ম্যাচে রোহিতের দুরন্ত শতরান সেই জল্পনায় নতুন মোড় এনে দেয়। এরপর বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, রোহিত শর্মা ভারতীয় ওয়ানডে দলের হয়ে খেলতে থাকবেন। তাঁর এই মন্তব্যের পর বোর্ড ও নির্বাচক কমিটির অবস্থান নিয়েও আলোচনা শুরু হয়।

এদিকে ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও পর্যালোচনা বৈঠকের পরিকল্পনা করেছিল বিসিসিআই (BCCI)। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে একাধিক ম্যাচে হারের পর সেই বৈঠক হওয়ার কথা থাকলেও এখনও তা সম্পন্ন হয়নি। যদিও অজিত আগারকরকে সরিয়ে ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দেওয়ার বিষয়ে বিসিসিআই এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির আগে নির্বাচক কমিটিতে কোনও পরিবর্তন আসে কি না, সেদিকেই নজর ক্রিকেট মহলের।

The post আগারকরকে সরিয়ে নতুন মুখ? BCCI-এর অন্দরমহলে চলছে কোন বড় পরিকল্পনা? first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV