ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমার বাদুড়িয়া বাজার এলাকায় একটি নামকরা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পচা মাংস উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খাদ্য দপ্তর, পুরসভার আধিকারিক এবং পুলিশের যৌথ অভিযানে ওই মাংস উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন রেস্তোরাঁ (Restaurant) থেকে কিলো কিলো মুরগি ও খাসির মাংস বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
উদ্ধার হওয়া মাংসের গুণমান ও সেগুলি কীভাবে সংরক্ষণ করা হয়েছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর।
বাদুড়িয়ার (Baduria) সঙ্গে এর আগেও পচা মাংস সংক্রান্ত বিতর্ক জড়িয়েছিল। কয়েক বছর আগে এই এলাকায় একটি গোপন আস্তানা থেকে টন টন পচা মাংস উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই ঘটনায় তদন্তে নেমে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়েছিল প্রশাসন।
আরও খবর : রঙিন দেওয়ালেই পড়াশোনা! অঙ্ক-মানচিত্রে সাজছে মালদহের ৩ হাজার স্কুল, শুরু 'বালা' উদ্যোগ
ভাগাড়ের মাংস কাণ্ডের জেরে সেই সময় একাধিক ব্যক্তি গ্রেপ্তার হন এবং বেশ কয়েকটি নামী রেস্তোরাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করা হয়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ফের বাদুড়িয়ার একটি রেস্তোরাঁ থেকে পচা মাংস উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে খাদ্যের গুণমান ও নিরাপত্তা নিয়ে।
উদ্ধার হওয়া মাংস ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে খাদ্য দফতর। পাশাপাশি সংশ্লিষ্ট রেস্তোরাঁকে নোটিসও দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। মাংসের উৎস, সংরক্ষণ পদ্ধতি এবং তা রান্না করে গ্রাহকদের পরিবেশন করা হত কি না, সে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও খাদ্য দফতর। তদন্তের রিপোর্ট হাতে আসার পর নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।
The post ভাগাড়-কাণ্ডের স্মৃতি উসকে বাদুড়িয়ায় ফের পচা মাংস! নামকরা রেস্তোরাঁয় হানা, উদ্ধার কিলো কিলো মাংস first appeared on KolkataTV.

