Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিজেপিতে যোগের পরই খসড়া ভোটার তালিকায় নাম 'শিফটেড'! SIR নিয়ে সরব রাঘব, 'রাজনৈতিক প্রতিহিংসা'

বিজেপিতে যোগের পরই খসড়া ভোটার তালিকায় নাম 'শিফটেড'! SIR নিয়ে সরব রাঘব, 'রাজনৈতিক প্রতিহিংসা'

কলকাতা: বিজেপিতে (BJP) যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ তুললেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। পাঞ্জাবের খসড়া ভোটার তালিকায় তাঁর নাম 'পার্মানেন্টলি শিফটেড' হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে সরব হয়েছেন বিজেপির এই সাংসদ।

যদিও তাঁর অভিযোগ নিয়ে আপের পাল্টা কটাক্ষও সামনে এসেছে।

বর্তমানে পাঞ্জাব-সহ দেশের একাধিক রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR। সম্প্রতি পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। রাঘবের দাবি, তিনি পাঞ্জাবের মোহালির ভোটার এবং রাজ্যসভার সাংসদ হওয়া সত্ত্বেও তালিকায় তাঁকে 'শিফটেড' হিসাবে দেখানো হয়েছে।

আরও খবর : মেলবোর্নের ধাঁচে ফিরবে কলকাতার ট্রাম? অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বড় ইঙ্গিত অর্জুনের

সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে রাঘব অভিযোগ করেছেন, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা শুরু হয়েছে। তাঁর দাবি, আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় পাঞ্জাবের আপ সরকারের আধিকারিকদের একাংশ তাঁর নাম ভোটার তালিকা থেকে সরানোর কাজে যুক্ত।

রাঘবের অভিযোগ, বিষয়টি নিছক ভুল নয়, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, দল ছাড়ার পর থেকেই তাঁর এবং বিজেপিতে যোগ দেওয়া অন্য কয়েক জন প্রাক্তন আপ সাংসদের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছে।

অন্য দিকে, আপের তরফেও রাঘবকে কটাক্ষ করা হয়েছে। দলের বক্তব্য, রাজনৈতিক আদর্শ থেকে সরে যাওয়ার পরেই রাঘবের নাম ভোটার তালিকা থেকেও সরে গিয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, SIR-এর আগে পাঞ্জাবের মোট ভোটারের প্রায় ৯.৭ শতাংশ, অর্থাৎ প্রায় ২০.৬৬ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। সেই তালিকাতেই রাঘবের নাম রয়েছে বলে দাবি।

উল্লেখ্য, এপ্রিল মাসে আরও কয়েক জন আপ সাংসদের সঙ্গে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাঘব। আপ ছাড়ার সময় তিনি অভিযোগ করেছিলেন, দলটি তার আগের আদর্শ থেকে সরে গিয়ে ব্যক্তিগত স্বার্থে কাজ করছে। এবার ভোটার তালিকা নিয়ে নতুন করে আপের সঙ্গে তাঁর রাজনৈতিক সংঘাত প্রকাশ্যে এল।

The post বিজেপিতে যোগের পরই খসড়া ভোটার তালিকায় নাম 'শিফটেড'! SIR নিয়ে সরব রাঘব, 'রাজনৈতিক প্রতিহিংসা' first appeared on KolkataTV.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kolkata TV