ওয়েব ডেস্ক : এখনও প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়নি কলকাতা নাইট রাইডার্স (kolkata Knight Riders)। তার মাঝেই বড় ধাক্কা খেল কেকেআর (KKR)। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন উইকেটরক্ষক-ব্যাটার অঙ্গরীশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। বুধবার মুম্বই ইন্ডিয়াসের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে কেকআর শিবিরের তরফে।
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ১১তম ওভারে তিলক বর্মার ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ বরুণ চক্রবর্তীর সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। এর পর দু’জনেই মাটিতে পড়ে গিয়েছিলেন। ক্যাচটিও হাতছাড়া হয়েছিল। এর কিছুক্ষণ পর মাঠ ছাড়েন রঘুবংশী (Angkrish Raghuvanshi)। তাঁর বদলে উইকেট কিপারের দায়িত্ব সামলে ছিলেন তেজস্বী দাহিয়া। পরবর্তীতে কনকাশন সাবস্টিটিউট হিসেবে রঘুবংশীর পরিবর্তে দাহিয়াকেই দলে নেওয়া হয়।
আরও খবর : বিহার থেকে নতুন আইপিএল দলের সম্ভাবনা উসকে দিলেন অনিল আগরওয়াল
জানা গিয়েছিল, মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন রঘুবংশী (Angkrish Raghuvanshi)। এর পর যখন পরীক্ষা করা হয়, তখন দেখা যায় আঙুলে চিড় ধরেছে। এর জেরে আগামী রবিবার দিল্লি ক্যাপিটালসের খেলতে পারবেন না।
চলতি আইপিএলে কেকেআরের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ২১ বছরের রঘুবংশী। ৪২২ রান করেছেন তিনি, গড় ৪২.২ এবং স্ট্রাইক রেট ১৪৬.৫২। রয়েছে পাঁচটি অর্ধশতরানও। ঠিক প্লে-অফের লড়াইয়ের আগে তাঁর চোট কেকেআরের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। এখন শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-কে হারাতেই হবে কেকেআরকে। পাশাপাশি অন্য ম্যাচের ফলও তাদের পক্ষে যেতে হবে, তবেই মিলতে পারে শেষ প্লে-অফের টিকিট।
:
The post চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন অঙ্গরীশ রঘুবংশী first appeared on KolkataTV.

