কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) জন্য ষষ্ঠ দফার প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (BJP Candidate List 2026)। কলকাতা বন্দর (Kolkata Port Candidate) কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি।
ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে রাকেশ সিংকে (Rakesh Singh) প্রার্থী করেছে পদ্মশিবির। দীর্ঘ আইনি টানাপড়েন আর জেলেবন্দি থাকার পর জামিন পেয়েই নির্বাচনী ময়দানে নামছেন দাপুটে বিজেপি নেতা।
রাকেশ সিংকে প্রার্থী করা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিলই। একসময় জেলবন্দি থাকা এই নেতার ওপর দল যে আস্থা রাখবে এমন আঁচ পাওয়া যাচ্ছিল।বুধবার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই সেই জল্পনায় সিলমোহর পড়ল। রাকেশ জামিন পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই অর্থাৎ বুধবার কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। রাকেশকে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে যে জল্পনা চলছিল, অবশেষে সেটাই সত্যি হল।
প্রসঙ্গত, গত বছর বিহারে রাহুল গান্ধীর মিছিল থেকে বিজেপিকে নিয়ে কিছু মন্তব্য করেন। সেই ঘটনার প্রতিবাদে কলকাতায় কংগ্রেস দফতরে হামলার অভিযোগ ওঠে। মৌলালিতে কংগ্রেস দফতরে ভাঙচুর এবং রাহুল গান্ধীর পোস্টারে কালি লেপে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে রাকেশের নাম। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ।শেষ পর্যন্ত গত বছর সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। গত সোমবার কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তিনি। আর মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁকে খোদ রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করে লড়াইয়ের সুর বেঁধে দিল গেরুয়া শিবির।
The post কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপির বাজি রাকেশ সিং first appeared on KolkataTV.

