ওয়েব ডেস্ক : নেপালে ভয়াবহ হড়পা বানে (Nepal Floods) মৃতের সংখ্যা বেড়ে ৬১৬। শনিবার সকাল পর্যন্ত নেপাল পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, বিভিন্ন এলাকা থেকে ধ্বংসস্তূপ ও কাদামাটির নিচ থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চিতোয়ান, নওয়ালপারসি পূর্ব, গোর্খা, নওয়ালপারসি পশ্চিম, ধাদিং, নুয়াকোট, তানাহুন এবং রাসুয়া-সহ একাধিক জেলায় উদ্ধারকাজ চলছে। পুলিশ ও নেপালি সেনাবাহিনী যৌথ ভাবে নিখোঁজদের সন্ধান চালাচ্ছে। দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের হেলিকপ্টারে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যেই নতুন করে বানের আশঙ্কা তৈরি হয়েছে ভোটেকোশী ও ত্রিশূলী নদী ঘিরে। চীন সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় জলের গতিপথ আটকে তৈরি হয়েছে একটি অস্থায়ী হ্রদ। সেটি প্রায় পূর্ণ হয়ে যাওয়ায় জল উপচে পড়লে ফের ভয়াবহ স্রোত নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।
আরও খবর : বন্যায় মৃতদেহ থেকেও গয়না চুরি! ভাইরাল ভিডিও ঘিরে নেপালে গ্রেফতার ২
বুধবার রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান নামে। হিমালয় থেকে কাদামাটি ও বিপুল জলরাশি নেমে এসে একের পর এক গ্রাম, বাড়িঘর ও রাস্তাঘাট ভাসিয়ে দেয়। ভয়াবহ সেই স্রোত কোথাও কোথাও তিনতলা বাড়ির উচ্চতায় পৌঁছে গিয়েছিল।
বন্যাবিধ্বস্ত বহু এলাকার সঙ্গে কাঠমান্ডুর যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। দুর্গম এলাকাগুলিতে হেলিকপ্টারের মাধ্যমেই পৌঁছতে হচ্ছে উদ্ধারকারী দলকে। নেপালের এই বিপর্যয়ে ভারতও সাহায্যের হাত বাড়িয়েছে এবং ত্রাণ ও উদ্ধারকাজে সহযোগিতা করছে।
The post নেপালে হড়পা বানে মৃত ৬১৬, এখনও নিখোঁজ বহু মানুষ first appeared on KolkataTV.

