কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক থেকে দু'দিনের মধ্যে নিম্নচাপটি (Rain Forecast) আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরেই রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে (Weather Update)।
শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে।
রবিবার থেকে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহের শুরুতেও বৃষ্টির এই পর্ব চলতে পারে। তাই অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
The post নিম্নচাপের জেরে আজ থেকেই বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বর্ষণের সতর্কতা first appeared on KolkataTV.

