ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের (Asian games 2026) ফাইনালে উঠল ভারতের মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে বাংলাদেশের মেয়েদের ১১৪ রানের বিশাল ব্যবধানে হারালেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। প্রথমে ব্যাট করে শেফালি বর্মার (Shafali Verma) বিধ্বংসী সেঞ্চুরির সাহায্যে ১৯৫ রান করেছিল ভারত।
ম্যাচের ভবিষ্যত মোটামুটি তখনই ঠিক হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশ যে এত তাড়াতাড়ি রণে ভঙ্গ দেবে তা ভাবা যায়নি। ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশিরা। অর্থাৎ এশিয়ান গেমসে ভারতের একটা পদক নিশ্চিত।
বল হাতে কামাল করলেন দীপ্তি শর্মা। ২.৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন নন্দানি শর্মা। দুই উইকেট এল শ্রী চরণীর ঝুলিতে। বাংলাদেশের হয়ে সবথেকে বেশি রান করেছেন দিলারা আক্তার, তাঁর অবদান ২৩ বলে ২৭।
রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত। তাঁর সিদ্ধান্তের মান রেখেছে স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মার ওপেনিং জুটি। ষষ্ঠ ওভারের শেষ বলে মন্ধানা যখন আউট হলেন, ততক্ষণে ৭২ রান উঠে গিয়েছে। অর্থাৎ পাওয়ার প্লে-তে রান রেট ১২।
মন্ধানা আউট হলেও শেষ পর্যন্ত খেলে গেলেন শেফালি। শেষ পর্যন্ত ৪৯ বলে ১০০ করে অপরাজিত থেকে গেলেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং ৯টি ছয়। বোঝাই যাচ্ছে বাংলাদেশের বোলারদের বলের সুতো খুলে দিয়েছেন শেফালি। স্মৃতি মন্ধানা ১৯ বলে ৩৭ রান করেছেন এবং অধিনায়ক হরমনপ্রীত ৩৩ বলে ৪০ করেন। বাংলার মেয়ে রিচা ঘোষ আজ ব্যর্থ।
The post শেফালির ব্যাটে ভর করে এশিয়ান গেমসের ফাইনালে ভারত first appeared on KolkataTV.

