ডায়মন্ড জুবিলি উদযাপন বোধিপীঠ হোমের
বনি সিংহ : বিশিষ্ট মনোবিজ্ঞানী ও মনোসমীক্ষক অধ্যাপক ডক্টর গিরীন্দ্রশেখর বসু'র হাতে প্রতিষ্ঠিত বোধিপীঠ হোমের ডায়মন্ড জুবিলি উদযাপন উপলক্ষে বুধবার তাঁরা একদিনের রাজ্য স্তরের সম্মেলনের আয়োজন করেন সল্টলেকের বৈশাখী মলের দ্য হেডেন ব্যাঙ্ককোয়েটে।
এদিন সম্মেলনের মূল বিষয় ছিল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পুনর্বাসন, মানসিক স্বাস্থ্য ও সার্বিক সুস্থতা এবং প্রতিষ্ঠান ও সমাজ ভিত্তিক ব্যবস্থায় সাম্প্রতিক প্রবণতা ও কৌশল। এছাড়া বোধিপীঠের প্রতিষ্ঠাতা ডক্টর গিরিন্দ্রশেখর বসু'র লক্ষ ও উদ্দেশ্যের উপর আলোকপাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য আয়োগের বর্তমান অধ্যক্ষ তথা প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ সৈকত মিত্র, মনোচিকিৎসক অমরনাথ মল্লিক, মনোচিকিৎসক অভিজিৎ চৌধুরী, বোধিপীঠ হোমের সচিব দেবমাল্য রায়, প্রতিষ্ঠানের সভাপতি ডাক্তার অঞ্জলি রায় এবং গিরীন্দ্রশেখর বসু'র প্রপৌত্র সৌম্যশঙ্কর বসু। এছাড়া আমন্ত্রিত ছিলেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, বিশেষ শিক্ষাবিদ, নার্স, জনস্বাস্থ্যকর্মী, এনজিও কর্মী, সমাজকর্মী এবং আইনজীবী। অনুষ্ঠানে এদিন সৌম্যশঙ্কর বসু গিরীন্দ্রশেখর বসু'কে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়ার দাবী জানালেন।

