শিক্ষক দিবসে কাটোয়ায় শিক্ষকদের সংবর্ধনা দাঁইহাটে বিজেপির শিক্ষক সেলের অনুষ্ঠান
রাহুল রায়,দাঁইহাট : শিক্ষক সমাজের অবদান ও মর্যাদাকে স্মরণ করে শিক্ষক দিবস উদযাপন করল কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির শিক্ষক সেল। ৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী উপলক্ষে দাঁইহাট উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাটোয়া বিধানসভা এলাকার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আলোচনা করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও শিক্ষকদের মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন উদ্যোক্তারা।
অনুষ্ঠান থেকে রাজ্যের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে সরব হন বিজেপির শিক্ষক সেলের সদস্যরা। তাঁদের অভিযোগ, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জেরে সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষকদের সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার দাবিও ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ ও কেতুগ্রামের বিধায়ক অনাদি ঘোষ। এছাড়াও বিজেপির শিক্ষক সেলের সদস্য ও স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। শিক্ষক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনভর উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

