Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
৫ সেপ্টেম্বর দিল্লিতে আর মিছিল নয় CJP-র, সুপ্রিম কোর্টে মিলল বড় স্বস্তি! প্রত্যাহার FIR

৫ সেপ্টেম্বর দিল্লিতে আর মিছিল নয় CJP-র, সুপ্রিম কোর্টে মিলল বড় স্বস্তি! প্রত্যাহার FIR

জরবন্দি ব্যুরো: ৫ সেপ্টেম্বর দিল্লিতে প্রস্তাবিত প্রতিবাদ মিছিল বাতিলের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (CJP)। NEET-সংক্রান্ত আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়া ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক FIR প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রের আশ্বাস এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরই এই সিদ্ধান্ত।

মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে নিজেদের সিদ্ধান্ত জানায় CJP।

গত ২০ থেকে ২৫ জুলাই NEET-সংক্রান্ত বিক্ষোভ ঘিরে দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের হয়েছিল। দিল্লি পুলিশ আগে সুপ্রিম কোর্টে জানায়, ওই সময়ের ১৩টি FIR আর এগিয়ে নিয়ে যেতে চায় না তারা। পাশাপাশি ২,৮৭৩ জনের বিরুদ্ধে পৃথক FIR করার অনুমতিও চেয়েছিল পুলিশ, যাঁদের সম্পর্কে 'serious criminal antecedents'-এর তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার শুনানিতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, দিল্লির পাশাপাশি বিহার, অসম, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রও সংশ্লিষ্ট FIR প্রত্যাহারের আবেদন করেছে। ২৫ জুলাই কেন্দ্র ও CJP-র মধ্যে যে আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার হয়েছিল, সেই প্রতিশ্রুতি পালনের অংশ হিসাবেই এই পদক্ষেপ বলে আদালতে জানানো হয়।

এর পরেই CJP-র মুখপাত্র সৌরভ দাস আদালতে জানান, কেন্দ্রের ইতিবাচক অবস্থান এবং সুপ্রিম কোর্টের পদক্ষেপের পর ৫ সেপ্টেম্বরের প্রস্তাবিত মিছিল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। মিছিলটি দিল্লির ইন্ডিয়া গেট থেকে পুলিশ সদর দফতর পর্যন্ত যাওয়ার কথা ছিল।

তবে FIR প্রত্যাহারের বিষয়টি পুরোপুরি শর্তহীন নয়। সুপ্রিম কোর্ট ২,৮৭৩ জনের ক্ষেত্রে দিল্লি পুলিশের পৃথক তদন্তের আবেদন বিবেচনার সুযোগ রেখেছে। পুলিশের দাবি, তাঁদের মধ্যে গুরুতর পূর্ব অপরাধের রেকর্ড থাকা ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের ভূমিকা নিয়ে আলাদা করে তদন্ত প্রয়োজন।

সোমবারই ৫ সেপ্টেম্বরের প্রস্তাবিত মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠে। তবে আদালত তখনই কর্মসূচিতে হস্তক্ষেপ করেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে বলে আগেভাগে ধরে নেওয়ার কারণ নেই জানিয়ে সব পক্ষকে দায়িত্বশীল ও আইন মেনে চলার বার্তা দিয়েছিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।

মঙ্গলবারের শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ছিল, উভয় পক্ষ ইতিবাচক মনোভাব নিয়ে এগোলে সমস্যার সমাধান সম্ভব। শেষ পর্যন্ত কেন্দ্রের আশ্বাস, রাজ্যগুলির পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই ৫ সেপ্টেম্বরের কর্মসূচি প্রত্যাহার করল CJP। ফলে NEET আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলাগুলির ক্ষেত্রে আপাতত বড় আইনি স্বস্তি পেলেন বহু প্রতিবাদকারী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi