Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অবসরের ২৪ ঘণ্টার মধ্যেই সুখবর, আবার কলকাতায় মেসি! এ বার গ্যালারি নয়, মাঠে নামারও সম্ভাবনা

অবসরের ২৪ ঘণ্টার মধ্যেই সুখবর, আবার কলকাতায় মেসি! এ বার গ্যালারি নয়, মাঠে নামারও সম্ভাবনা

ন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতার মেসিভক্তদের জন্য এল বড় খবর। গত বছর যুবভারতী ক্রীড়াঙ্গনের বিতর্কিত অভিজ্ঞতার পর ফের কলকাতায় আর্জেন্তিনার মহাতারকাকে আনার উদ্যোগ শুরু হয়েছে। 'মেসি-দ্য গোট ট্যুর'-এর আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, আগামী বছর মেসিকে আবার তিলোত্তমায় আনার চেষ্টা করছেন তিনি।

শুধু গ্যালারি থেকে দর্শকদের উদ্দেশে হাত নাড়ানো নয়, এ বার মেসিকে মাঠে নেমে খেলতে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

গত বছর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি কলকাতার ক্রীড়ামহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। মেসিকে সামনে থেকে দেখার আশায় হাজার হাজার দর্শক মাঠে এলেও প্রত্যাশা পূরণ না হওয়ায় তৈরি হয়েছিল প্রবল ক্ষোভ। সেই ঘটনার পর থেকেই কলকাতায় ফের মেসিকে আনার কথা বলে আসছিলেন শতদ্রু দত্ত।

ফিফা বিশ্বকাপ চলাকালীন আর্জেন্তিনার ম্যাচের দিন সমাজমাধ্যমে একটি পোস্টও করেছিলেন তিনি। সেখানে মেসির নাম সরাসরি উল্লেখ না করলেও লিখেছিলেন, যাঁরা তাঁর উপর বিশ্বাস রাখেন, তাঁদের জন্য পরের বছর আবারও কিছু করার আশ্বাস দিচ্ছেন। সেই সময় থেকেই জল্পনা ছিল, ফের কলকাতায় মেসিকে আনার পরিকল্পনা করছেন তিনি।

এ বার আর ইঙ্গিতে নয়, সরাসরি মেসিকে কলকাতায় আনার কথা জানালেন শতদ্রু। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর প্রসঙ্গে তিনি বলেন, মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু তাঁকে গভীর ভাবে আঘাত করেছে। পাশাপাশি ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলের চাপও কম নয়। তাই মেসি এ বার ক্লাব ফুটবলেই বেশি মন দিতে পারেন বলে মনে করেছিলেন তিনি।

এর পরেই কলকাতার মেসিভক্তদের জন্য বড় খবরটি দেন শতদ্রু। তাঁর আশা, আগামী বছর মেসিকে ফের কলকাতায় আনা সম্ভব হবে। তবে এ বার তিনি শুধুমাত্র অতিথি হিসেবে নয়, একজন ফুটবলার হিসেবেই তিলোত্তমায় আসতে পারেন বলে জানিয়েছেন তিনি।

এর নেপথ্যে রয়েছে ইন্টার মায়ামির সম্ভাব্য প্রাক-মরশুম সফরের পরিকল্পনা। আগামী বছর ইন্টার মায়ামি (Inter Miami CF) দক্ষিণ এশিয়ায় প্রাক-মরশুম প্রস্তুতি শিবির করতে পারে বলে আলোচনা রয়েছে। সেই সফরের অংশ হিসেবে কলকাতা ও বাংলাদেশে দলটিকে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ফলে মেসিরও দলের সঙ্গে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

শতদ্রুর দাবি অনুযায়ী, মেসির দলের সঙ্গে এই সফর নিয়ে ইতিমধ্যেই একাধিক দফায় আলোচনা হয়েছে। যদিও এখনও সফরের চূড়ান্ত সূচি বা মেসির কলকাতায় আসার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে আপাতত বিষয়টি সম্ভাবনা এবং আলোচনার স্তরেই রয়েছে।

তবে এ বার পরিস্থিতি গত বছরের তুলনায় আলাদা হতে পারে। ইন্টার মায়ামি যদি সত্যিই প্রাক-মরশুম প্রস্তুতির জন্য কলকাতায় আসে, সে ক্ষেত্রে মেসির মাঠে নামার সম্ভাবনাও থাকবে। অর্থাৎ গতবারের মতো শুধু গ্যালারির দিকে তাকিয়ে হাত নাড়ানো নয়, কলকাতার দর্শকরা এ বার ম্যাচে মেসিকে বল পায়ে দেখার সুযোগ পেতে পারেন।

গত বছরের অভিজ্ঞতার পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়েও সতর্ক আয়োজকরা। শতদ্রু জানিয়েছেন, আগের ঘটনার পর ফের মেসিকে কলকাতায় আনার ক্ষেত্রে পরিকল্পনা ও ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শেষ পর্যন্ত ইন্টার মায়ামির সফর কতটা বাস্তবায়িত হয় এবং মেসি সত্যিই কলকাতার মাঠে নামেন কি না, এখন নজর সেদিকেই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi