Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'অন্নপূর্ণা' নিয়ে গুজবে কান দেবেন না, বাড়ি গিয়ে ফর্ম পূরণ করাবেন সরকারি প্রতিনিধি, আশ্বাস মুখ্যমন্ত্রীর

'অন্নপূর্ণা' নিয়ে গুজবে কান দেবেন না, বাড়ি গিয়ে ফর্ম পূরণ করাবেন সরকারি প্রতিনিধি, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ন্নপূর্ণা যোজনার আবেদনপত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি ও উদ্বেগ দূর করতে সরাসরি আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধাননগরে এক সরকারি অনুষ্ঠানে তিনি জানান, প্রকল্পের আবেদনপত্র পূরণের জন্য সরকারি প্রতিনিধিরাই উপভোক্তাদের বাড়িতে গিয়ে সাহায্য করবেন।

ফলে ফর্মের জটিলতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেও বার্তা দেন তিনি।

বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল 'অন্নপূর্ণা যোজনা'। ক্ষমতায় আসার পর সেই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। তবে সম্প্রতি প্রকাশিত আবেদনপত্রের আকার ও প্রয়োজনীয় নথির তালিকা দেখে অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে।

১১ পাতার এই ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য, জমিজমার বিবরণ এবং অন্যান্য নথি চাওয়া হয়েছে। এর জেরে একাংশের অভিযোগ, আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে জটিল হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আবেদনকারীদের বাড়িতে সরকারি কর্মীরা পৌঁছে যাবেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ফর্ম পূরণে সহায়তা করবেন। তাঁর কথায়, প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও যোগ্য ব্যক্তি যাতে বঞ্চিত না হন, সে বিষয়টি সরকার নিশ্চিত করবে।

শুভেন্দু অধিকারী জানান, আগামী বুধবার থেকেই প্রথম পর্যায়ে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তাই আবেদন নিয়ে অযথা বিভ্রান্তি বা গুজবে বিশ্বাস না করার পরামর্শও দেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতেই আবেদনপত্রে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। প্রকল্পের সুবিধা শুধুমাত্র নির্ধারিত যোগ্য মহিলাদের কাছে পৌঁছনো নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। তবে আয়করদাতা, সরকারি চাকরিজীবী, নিয়মিত বেতনভোগী বা পেনশনপ্রাপ্ত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

রাজ্য সরকারের দাবি, স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার জন্যই আবেদন প্রক্রিয়ায় অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদিও বিরোধী মহল এবং আবেদনকারীদের একাংশ ফর্ম আরও সহজ করার দাবি তুলেছেন।

এর আগে মন্ত্রী অগ্নিমিত্রা পালও আবেদনপত্র নিয়ে মানুষের উদ্বেগ দূর করার চেষ্টা করেছিলেন। এবার মুখ্যমন্ত্রী নিজে সামনে এসে আশ্বাস দেওয়ায় অন্নপূর্ণা যোজনা নিয়ে তৈরি হওয়া সংশয়ের অনেকটাই অবসান হতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।

সরকারের দাবি, নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই অন্নপূর্ণা যোজনাকে দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi