Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বেবি বসের ব্যাটে তাণ্ডব! ৯৬ রানে থেমেও ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

বেবি বসের ব্যাটে তাণ্ডব! ৯৬ রানে থেমেও ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়স। অথচ ব্যাট হাতে এমন দাপট, যা দেখে বিস্মিত ক্রিকেটবিশ্ব। বৈভব সূর্যবংশী আবারও দেখিয়ে দিলেন কেন তাঁকে আইপিএলের অন্যতম বড় আবিষ্কার বলা হচ্ছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৯৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে ২১৫ রানের শক্ত ভিত উপহার দিলেন এই কিশোর ওপেনার।

মুলানপুরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছেও শতরান অধরা থেকে যায় বৈভবের। তবে ৯৬ রানের দুরন্ত ইনিংসেই তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে বড় স্কোর গড়ে গুজরাটের সামনে কঠিন লক্ষ্য ছুড়ে দেয় রাজস্থান।

চলতি আইপিএলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বৈভব সূর্যবংশী। এদিনের ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক মরশুমে পাওয়ার প্লে-তে ৫০০ রান পূরণের বিরল নজির গড়েন তিনি। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন ডেভিড ওয়ার্নার, যিনি ২০১৬ সালের আইপিএলে পাওয়ার প্লে-তে ৪৬৭ রান করেছিলেন।

শুধু ওয়ার্নারই নন, এই কীর্তিতে ট্র্যাভিস হেড, সাই সুদর্শন এবং অ্যাডাম গিলক্রিস্টদের মতো তারকাদেরও পিছনে ফেলে দিয়েছেন রাজস্থানের তরুণ ব্যাটার।

এর আগেও এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বৈভব। সেদিন মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন তিনি। এবারও দ্বিতীয় কোয়ালিফায়ারে মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়া হল।

তবে সেঞ্চুরি না পেলেও আরেকটি ঐতিহাসিক রেকর্ড নিজের নামে করে নেন এই বাঁহাতি ওপেনার। আইপিএলের ইতিহাসে দ্রুততম ১০০০ রান পূরণের কৃতিত্ব গড়েছেন তিনি। মাত্র ৪৪০ বল খেলে এই মাইলফলকে পৌঁছে গিয়েছেন বৈভব।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার ৫৪৫ বলে ১০০০ রান পূর্ণ করেছিলেন। এছাড়াও তালিকায় রয়েছেন টিম ডেভিড, ট্র্যাভিস হেড, ফিল সল্ট, হাইনরিখ ক্লাসেন এবং বীরেন্দ্র শেহওয়াগ।

বয়স মাত্র ১৫ হলেও ব্যাট হাতে বৈভব সূর্যবংশীর পরিপক্বতা এবং আগ্রাসন বারবার মুগ্ধ করছে ক্রিকেটপ্রেমীদের। সেঞ্চুরি এদিন অধরা থেকেছে ঠিকই, কিন্তু তাঁর ৯৬ রানের ইনিংস এবং একাধিক রেকর্ড রাজস্থান রয়্যালসকে লড়াইয়ের মঞ্চে এনে দিয়েছে। আইপিএলের এই নতুন তারকা যে আগামী দিনে আরও বড় ইতিহাস লিখতে চলেছেন, তা বলাই যায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi