Dailyhunt
ভারতই অ্যাপলের পরের বড় বাজি! মধ্যবিত্তের জোরে 'বিপুল সুযোগ' দেখছেন টিম কুক

ভারতই অ্যাপলের পরের বড় বাজি! মধ্যবিত্তের জোরে 'বিপুল সুযোগ' দেখছেন টিম কুক

ভারতের বাজারে নজর আরও বাড়াচ্ছে Apple। দ্রুত বাড়তে থাকা মধ্যবিত্ত শ্রেণি এবং ক্রমবর্ধমান ডিজিটাল ব্যবহার-এই দুই শক্তিকেই ভবিষ্যতের বড় চালিকাশক্তি হিসেবে দেখছেন সংস্থার বিদায়ী সিইও Tim Cook। তাঁর মতে, এখনও তুলনামূলক ছোট অংশীদার হলেও ভারতের বিশাল বাজারে অ্যাপলের বৃদ্ধির সম্ভাবনা 'অপরিসীম'।

একটি ইনভেস্টর কল-এ কুক জানান, ভারতের স্মার্টফোন বাজার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং পার্সোনাল কম্পিউটারের বাজার তৃতীয় বৃহত্তম। এই বিশাল গ্রাহকভিত্তির মধ্যে এখনও অ্যাপলের উপস্থিতি সীমিত, কিন্তু সেটাই ভবিষ্যতের সবচেয়ে বড় সুযোগ। "ভারতে আমরা ভালো ফল পাচ্ছি, কিন্তু এখনও অনেক দূর যেতে হবে,"-বলেছেন তিনি।

নতুন গ্রাহকদের ঢল

ভারতে অ্যাপলের বৃদ্ধির অন্যতম কারণ-নতুন গ্রাহকদের দ্রুত বৃদ্ধি। আইফোন, ম্যাক বা আইপ্যাড-সব ক্ষেত্রেই বিপুল সংখ্যক ক্রেতা প্রথমবার অ্যাপলের পণ্য ব্যবহার করছেন। এই প্রবণতা সংস্থার 'ইনস্টল বেস' বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইতিমধ্যেই দেশে একাধিক রিটেল স্টোর খুলেছে অ্যাপল এবং কর্পোরেট ক্ষেত্রেও বাড়ছে তাদের প্রভাব। উদাহরণ হিসেবে Freshworks-এর কথা উল্লেখ করেন কুক-এই ভারতীয় সফ্টওয়্যার সংস্থা ৫,০০০-এর বেশি ম্যাকবুক ব্যবহার করছে।

নেতৃত্বে বড় রদবদল

সংস্থার শীর্ষ নেতৃত্বেও আসছে পরিবর্তন। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিম কুক এগজ়িকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। তাঁর জায়গায় নতুন সিইও হচ্ছেন John Ternus, যিনি বর্তমানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। কুকের মতে, টার্নাস একজন দক্ষ এবং দূরদর্শী নেতা।

চ্যালেঞ্জও কম নয়

তবে সব কিছুই মসৃণ নয়। উন্নত চিপের ঘাটতির কারণে আইফোন ও ম্যাকের সরবরাহে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি মেমোরি কম্পোনেন্টের দাম বাড়ায় খরচও বেড়েছে। যদিও এই চাপ এখনও সামাল দিতে পেরেছে অ্যাপল। গত ত্রৈমাসিকে সংস্থার গ্রস মার্জিন দাঁড়িয়েছে ৪৯.৩ শতাংশ-যা আগের বছরের তুলনায় বেশি।

সব মিলিয়ে, ভারতের বিশাল ও দ্রুত প্রসারমান বাজারকে সামনে রেখে ভবিষ্যতের বড় বিনিয়োগ ও সম্প্রসারণের পরিকল্পনা করছে অ্যাপল-যেখানে মধ্যবিত্তই হতে পারে তাদের সবচেয়ে বড় শক্তি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi