কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পর অবশেষে কিছুটা স্বস্তি। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Meteorological Office)। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থলভাগের দিকে সরে যাওয়ায় দক্ষিণে বৃষ্টির তীব্রতা কমলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে বলে আবহাওয়ার খবরে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন বলছে, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝড়বৃষ্টি হয়েছিল, সোমবার বিকেলের পর থেকে তার দাপট কমতে শুরু করেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে ওডিশা (Odisha) থেকে ঝাড়খণ্ড (Jharkhand) হয়ে ছত্তিসগড়ের (Chhattisgarh) দিকে সরে গিয়েছে। একইসঙ্গে মৌসুমি অক্ষরেখা সরেছে মুর্শিদাবাদের আরও উত্তরে। এর জেরে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কম থাকবে বলে আবহাওয়ার খবরে উল্লেখ করা হয়েছে।
তবে বৃষ্টি কম মানেই পুরোপুরি স্বস্তি নয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৫ ডিগ্রি সেলসিয়াস কম। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, সোমবার সকাল সাড়ে ছ'টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ছ'টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলকাতায় মোট ২০.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার খবর অনুযায়ী, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ফের বদল ঘটতে পারে। সপ্তাহান্তে একাধিক জায়গায় ঝড়বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়বে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ফলে উইকএন্ডে বাইরে বেরোলে বাড়তি সতর্কতা জরুরি।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার খবর মোটেই সুখকর নয়। মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা আরও বাড়বে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে বৃহস্পতিবার। ওই দিন জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি থাকছে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) ও কোচবিহার (Cooch Behar) জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে।
আবহাওয়া দপ্তরের আপডেট বলছে, শুক্র ও শনিবার পরিস্থিতি আরও গুরুতর রূপ নিতে পারে। ওই দু’দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার-এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের বিপজ্জনক জেলাগুলোতে ইতিমধ্যেই জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী ৪৮ ঘণ্টার উপর বিশেষ নজর রাখছে।

