Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যেই তোলাবাজি 'অসুখে' আক্রান্ত বিজেপি, বহিষ্কারের পক্ষে সওয়াল অর্জুনের

ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যেই তোলাবাজি 'অসুখে' আক্রান্ত বিজেপি, বহিষ্কারের পক্ষে সওয়াল অর্জুনের

জরবন্দি ব্যুরো: রাজ্যে বিজেপি (BJP) সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যেই দলের একাংশের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ ঘিরে অস্বস্তি ক্রমশ বাড়ছে। শীর্ষ নেতৃত্বের সতর্কবার্তার পর এবার আরও কড়া অবস্থান নিলেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ (Arjun Singh)। উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু সতর্ক করলেই হবে না, যাঁদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

এমনকি বহিষ্কারের পক্ষেও সওয়াল করেন তিনি।

মঙ্গলবার দার্জিলিং (Darjeeling) সফরে বিভিন্ন চা-বাগান ও শ্রম ভবন পরিদর্শনের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিংহ। তোলাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "শুধু উষ্মা প্রকাশ করে কোনও লাভ নেই। যাঁরা এই ধরনের কাজে জড়িত, তাঁরা দলের ভাবমূর্তি নষ্ট করছেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের দল থেকে বহিষ্কার করা উচিত।"

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে এক ব্যক্তি নিজেকে বিজেপি নেতা পরিচয় দিয়ে বালিভর্তি লরি থামিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করছেন বলে দেখা যায়। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি Najarbandi.in, তবে তা প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এই ঘটনার পর থেকেই বিজেপির একাধিক শীর্ষ নেতা প্রকাশ্যে দলীয় কর্মীদের সতর্ক করছেন। গত শনিবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না হলে দল কড়া পদক্ষেপ নেবে। তাঁর বক্তব্য, বিজেপি কীভাবে শৃঙ্খলা বজায় রাখে, তা সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হবে।

অন্যদিকে মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্বীকার করে নিয়েছেন, তোলাবাজির প্রবণতা তাঁদের দলের কিছু নেতার মধ্যেও দেখা যাচ্ছে। তিনি জানান, দলের তরফে ইতিমধ্যেই ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযোগ এলে তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষকেও পুলিশ ও দলের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার একই সুরে মন্তব্য করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-ও। তাঁর বক্তব্য, দলের ভাবমূর্তি রক্ষায় দুর্নীতি বা তোলাবাজির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না।

এরই মধ্যে কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় সোমবার তোলাবাজির অভিযোগ ঘিরে দলের অন্দরে প্রকাশ্য বিক্ষোভের ঘটনাও সামনে আসে। অভিযোগের মুখে থাকা এক বিজেপি নেতাকে লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়েন দলেরই একাংশের কর্মীরা। ঘটনাটি রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।

সব মিলিয়ে বিজেপির অন্দরে তোলাবাজির অভিযোগকে ঘিরে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা আর গোপন থাকছে না। একের পর এক শীর্ষ নেতার কড়া বার্তার পর এবার অর্জুন সিংহের বহিষ্কারের দাবি স্পষ্ট করে দিল, দল এই ইস্যুতে আরও কঠোর অবস্থান নেওয়ার দিকেই এগোতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi