Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নয়া নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার বিরাট পরিবর্তন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির পূর্বাভাস

নয়া নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার বিরাট পরিবর্তন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির পূর্বাভাস

জরবন্দি ব্যুরো: বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপের পরিস্থিতি। শনিবারই পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির দাপট।

উত্তর বঙ্গোপসাগরের উপর বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতায় অবস্থান করা এই ঘূর্ণাবর্তের প্রভাবেই নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

এর সঙ্গে সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখাও। পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করা সেই অক্ষরেখা বাঁক নিয়ে বাঁকুড়ার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অস্থিরতা বজায় থাকবে।

শনিবার কলকাতা, হুগলি ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় এই সতর্কতা বহাল থাকবে রবিবারও। ফলে সপ্তাহান্তে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ভিজে যাওয়ার সম্ভাবনা।

সবচেয়ে বেশি নজর পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। রবিবার দুই জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার ও মঙ্গলবারও দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি স্বস্তিদায়ক হবে না। ওই দু'দিন ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও আপাতত সেখানে ভারী বৃষ্টির সতর্কতা নেই।

মঙ্গলবারের পর অবশ্য পরিস্থিতির উন্নতি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তার পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট ফের বাড়তে পারে। শনিবার উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রবিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম। অর্থাৎ বৃষ্টি ও মেঘলা আকাশের মধ্যেও তাপমাত্রায় খুব বড় পরিবর্তন আপাতত নেই।

সব মিলিয়ে নতুন নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বড় বদল আসছে। বিশেষ করে কলকাতা, দুই মেদিনীপুর-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সপ্তাহান্তে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ থাকছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi