Dailyhunt
ফোনে ডেকে নিয়ে নৃশংস খুন! ইংরেজবাজারে বিজেপি সমর্থকের রক্তাক্ত দেহ উদ্ধার

ফোনে ডেকে নিয়ে নৃশংস খুন! ইংরেজবাজারে বিজেপি সমর্থকের রক্তাক্ত দেহ উদ্ধার

ভোট পরবর্তী হিংসার আবহে ফের উত্তপ্ত মালদহ। ইংরেজবাজারে এক বিজেপি সমর্থককে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃত যুবকের নাম কিষাণ হালদার। বুধবার গভীর রাতে বাড়ি থেকে কিছু দূরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বড় হাঁসুয়া। যদিও বিজেপির দাবি, এই খুনের পিছনে কোনও রাজনৈতিক যোগ নেই।

মালদহের ইংরেজবাজার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকায় ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কয়েকজন যুবক ফোন করে কিষাণকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। রাত গভীর হলে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন।

পরবর্তীতে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কিষাণকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতদেহের পাশ থেকে একটি বড় আকারের হাঁসুয়াও উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়েই কুপিয়ে খুন করা হয়েছে তাঁকে।

স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে প্রতিবেশী গোলাম হালদার, তাঁর ছেলে সুমন হালদার-সহ কয়েকজনের বিরুদ্ধে। ইতিমধ্যেই দু'জনকে আটক করেছে পুলিশ।

যদিও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত খুনের অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। দলের স্থানীয় নেতাদের দাবি, এলাকায় ব্যক্তিগত বিবাদ বা স্থানীয় কোনও বিষয়কে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে বচসা হয়েছিল। সেই ঘটনার জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অভিযুক্তদের কোনও রাজনৈতিক পরিচয় নেই বলেও দাবি করেছে বিজেপি।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও অতিরিক্ত পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই খুন, তার নেপথ্যে আর কোনও যোগ রয়েছে কি না- সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi