Dailyhunt
'শওকত মাছচোর' গান ঘিরে ভোটের আগে তুঙ্গে বিতর্ক, দায় ঝাড়ল আইএসএফ

'শওকত মাছচোর' গান ঘিরে ভোটের আগে তুঙ্গে বিতর্ক, দায় ঝাড়ল আইএসএফ

ভোটের শেষ মুহূর্তে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে 'শওকত মাছচোর' গান। ভাঙড়ের শওকত মোল্লা-কে কটাক্ষ করে তৈরি এই গান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে গানটির সঙ্গে নিজেদের কোনও যোগ নেই বলেই দাবি করেছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি।

ছাব্বিশের বিধানসভা ভোটে মাঠের লড়াইয়ের পাশাপাশি সোশাল মিডিয়াতেও তুমুল প্রচারযুদ্ধ চলছে।

সেই লড়াইয়ের মধ্যেই হঠাৎ ভাইরাল হয়ে পড়েছে 'শওকত মাছচোর' নামের একটি গান। মিনিট কয়েকের এই গানে শওকত মোল্লাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, আর সেটাই দ্রুত ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশাল প্ল্যাটফর্মে।

প্রথমে মনে করা হচ্ছিল, গানটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর পক্ষ থেকেই তৈরি এবং তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই ছড়ানো হয়েছে। কিন্তু সেই জল্পনায় জল ঢেলেছেন নওশাদ সিদ্দিকি নিজেই।

তিনি জানান, তাঁর নিজের সোশাল মিডিয়া ফিডেও গানটি বারবার উঠে আসছে এবং বিদেশেও-এমনকি কানাডাতেও-এই গান নিয়ে আলোচনা চলছে। তবে তিনি স্পষ্ট করে দেন, এই গানের সঙ্গে তাঁর বা তাঁর দলের কোনও অফিসিয়াল সম্পর্ক নেই।

যদিও গানটির ভাষা ও উপস্থাপনা নিয়ে আপত্তি তুলেছেন শওকত মোল্লা। চরিত্রহননের অভিযোগে তিনি কলকাতা হাই কোর্ট-এর দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, নওশাদ সিদ্দিকি গানের বিষয়বস্তুকে সরাসরি সমর্থন না করলেও শওকত মোল্লাকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর দাবি, "মাছচোর বললে কম বলা হয়, ভাঙড়ের মানুষ ওঁকে অন্যভাবেই চেনে।"

ভোটের ফল ঘোষণার আগে এই গানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। একই সঙ্গে সোশাল মিডিয়ার প্রভাব যে এখন ভোটের রাজনীতিতে কতটা গভীর, এই ঘটনাই তার নতুন উদাহরণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

ফলপ্রকাশের আগে আত্মবিশ্বাসী নওশাদ সিদ্দিকি দাবি করেছেন, ভাঙড় কেন্দ্র থেকে তিনি বড় ব্যবধানে জিতবেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi