Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'সিনিয়রদের সম্মান করুন', অবসরের পর বিস্ফোরক অজিঙ্ক রাহানে! ইঙ্গিতে গম্ভীর-আগরকরের সিদ্ধান্তেই তুললেন প্রশ্ন

'সিনিয়রদের সম্মান করুন', অবসরের পর বিস্ফোরক অজিঙ্ক রাহানে! ইঙ্গিতে গম্ভীর-আগরকরের সিদ্ধান্তেই তুললেন প্রশ্ন

ভারতীয় ক্রিকেট থেকে অবসরের পর প্রথমবার মুখ খুলে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে কড়া বার্তা দিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ ক্রিকেটারদের গুরুত্ব কমিয়ে দেওয়ার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, সিনিয়রদের যথাযথ সম্মান না দেওয়ার ফলই আজ ভারতীয় দলের পারফরম্যান্সে প্রতিফলিত হচ্ছে।

যদিও তিনি সরাসরি কারও নাম নেননি, তাঁর মন্তব্যের নিশানায় রয়েছেন বলে মনে করা হচ্ছে প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)

সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রাহানে। এরপর একটি পডকাস্টে তিনি বলেন, টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। তাঁর মতে, একটি সফল টেস্ট দলে অন্তত সাত থেকে আটজন অভিজ্ঞ ক্রিকেটার থাকা প্রয়োজন, আর তাঁদের সঙ্গে কয়েকজন তরুণকে সুযোগ দেওয়া উচিত।

রাহানে বলেন, "আমার বিশ্বাস, টেস্ট দলে ৭-৮ জন সিনিয়র ক্রিকেটার থাকা দরকার। দু’-তিনজন তরুণ ক্রিকেটার থাকলেই যথেষ্ট। কিন্তু গত কয়েক বছরে আমরা উল্টো ছবি দেখেছি। এখন দলে বেশিরভাগই তরুণ। টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতার মূল্য সবচেয়ে বেশি।"

ভারতীয় ক্রিকেটে গম্ভীর-আগরকর যুগ শুরু হওয়ার পর থেকে তরুণ ক্রিকেটারদের উপর বেশি জোর দেওয়া হয়েছে বলে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এই সময়ের মধ্যেই রোহিত শর্মা (Rohit Sharma)বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)-এর আকস্মিক অবসর, চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)-র দীর্ঘদিন দলে না থাকা এবং মহম্মদ শামি (Mohammed Shami)-কে পরিকল্পনার বাইরে রাখা নিয়েও ক্রিকেটমহলে প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষাপটে রাহানের মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

প্রাক্তন ভারতীয় ব্যাটারের মতে, বিশ্বের সফল টেস্ট দলগুলির দিকে তাকালেই বোঝা যায় অভিজ্ঞ ক্রিকেটারদের গুরুত্ব কতটা। তিনি বলেন, "অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে দেখুন। ওরা টেস্ট এবং একদিনের ক্রিকেটে অভিজ্ঞ ক্রিকেটারদের উপরই ভরসা করে। সেই কারণেই ধারাবাহিকভাবে ভালো ফলও পায়। আমাদেরও সিনিয়র ক্রিকেটারদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত।"

সাম্প্রতিক সময়ে ভারতের টেস্ট পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেছেন রাহানে। তাঁর মতে, দলে এখন সেই মানসিক দৃঢ়তা ও চরিত্রের অভাব দেখা যাচ্ছে, যা দীর্ঘ ফরম্যাটে সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "ঘরে বসে ভারতের একের পর এক সিরিজ হার দেখতে খুব খারাপ লাগে। টেস্ট ও একদিনের ক্রিকেটে মানসিক শক্তি এবং চরিত্র সবচেয়ে বড় বিষয়। এই মুহূর্তে সেই জায়গাটাই দুর্বল বলে মনে হচ্ছে। আমি নির্দিষ্ট কারও নাম বলতে চাই না, কিন্তু এর দায় তো কাউকে নিতেই হবে।"

রাহানের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন সাম্প্রতিক কয়েকটি টেস্ট সিরিজে ভারতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের মাটিতে ব্যর্থতা, বিদেশ সফরে ধারাবাহিকতা ধরে রাখতে না পারা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) ফাইনালে ওঠার সম্ভাবনা কঠিন হয়ে যাওয়ার আবহে তাঁর বক্তব্য ভারতীয় ক্রিকেটে সিনিয়র বনাম তরুণ নীতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi