Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি-র সাংগঠনিক বৈঠক

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি-র সাংগঠনিক বৈঠক

নতুন 5 days ago

গরতলা, ১৮ আগস্ট : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-র ভিলেজ কমিটির নির্বাচন ও স্থানীয় নগর ও পুর সংস্থার নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। মঙ্গলবার আগরতলায় সোনার তরী গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার উপস্থিতিতে দলের মন্ত্রী ও বিধায়কদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং দলীয় সংগঠনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভিলেজ কমিটির নির্বাচন এবং স্থানীয় নগর ও পুর সংস্থার নির্বাচনকে সামনে রেখে বুথস্তর থেকে শুরু করে সর্বস্তরে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগে সংগঠনের সঙ্গে জনপ্রতিনিধিদের সমন্বয় আরও মজবুত করা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। একইসঙ্গে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং নির্বাচনী প্রস্তুতির রূপরেখা নিয়েও মতবিনিময় করেন নেতৃত্ব।

বৈঠকে ত্রিপুরা প্রদেশ বিজেপি-র সভাপতি অভিষেক দেবরায়, দলের রাজ্য পর্যবেক্ষক ডাঃ রাজদীপ রায়সহ বিজেপি-র প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রী সুশান্ত চৌধুরী, সান্ত্বনা চাকমা, টিংকু রায়, কিশোর বর্মণ সহ দলের একাধিক মন্ত্রী ও বিধায়ক বৈঠকে অংশ নেন। উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জামাতিয়া, কল্যাণী রায়সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা, মন্ত্রী ও বিধায়কদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানা গেছে। তৃণমূল স্তরে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার পাশাপাশি নির্বাচনী ময়দানে দলকে সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল নিয়েও আলোচনা হয়।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন ভিলেজ কমিটি ও স্থানীয় নগর ও পুর সংস্থার নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়েই এই বৈঠক করেছে বিজেপি। নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি যাচাই, দুর্বল এলাকাগুলি চিহ্নিত করা এবং নেতা-কর্মীদের আরও সক্রিয় করার ক্ষেত্রে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠক থেকে আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রী ও বিধায়কদের আরও সক্রিয় ভূমিকা পালনের বার্তা দেওয়া হয়েছে। ফলে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় বিজেপির সাংগঠনিক তৎপরতা আগামী দিনে আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Natun