Dailyhunt
জম্মু-কাশ্মীর থেকে মালদহে এল বিশেষ বুলেটপ্রুফ গাড়ি ! অলিগলিতে দাপিয়ে বেড়াবে এই গাড়ি

জম্মু-কাশ্মীর থেকে মালদহে এল বিশেষ বুলেটপ্রুফ গাড়ি ! অলিগলিতে দাপিয়ে বেড়াবে এই গাড়ি

News Bazar 24 2 days ago

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের উত্তাপ মালদহে এখন তুঙ্গে। এর মধ্যেই জেলার নিরাপত্তা ব্যবস্থাকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনীর বিশেষ 'বুলেটপ্রুফ' গাড়ি। বুধবার সকালে মালদহ শহরের ডিএসএ (DSA) ময়দানে জম্মু ও কাশ্মীর থেকে আসা 'মিডিয়াম বুলেটপ্রুফ ভেহিকেল' (MBPV) দেখে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনই তৈরি হয়েছে এক চাপা উত্তেজনা।

জম্মু-কাশ্মীরের দুর্গম ও উত্তেজনাপ্রবণ এলাকায় যে গাড়িগুলো ব্যবহার করা হয়, সেই একই শক্তিশালী যান এবার দাপিয়ে বেড়াবে মালদহের রাজপথ ও গলি। মূলত অশান্তিকর পরিস্থিতি তৈরি হলে বা ভিড়ের মধ্যে অতর্কিতে হামলা হলে জওয়ানদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এই গাড়িতে বসে সুরক্ষিত থেকেই অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে পারবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

গত কয়েকদিন ধরেই ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে মালদহের আবহাওয়া বেশ তপ্ত। বিশেষ করে মোথাবাড়ি ও সুজাপুর এলাকায় বড়সড় বিক্ষোভ দানা বেঁধেছিল। পরিস্থিতি চরম আকার ধারণ করে কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে। সেখানে সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখার মতো নজিরবিহীন অভিযোগ ওঠে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে বড়সড় ধস্তাধস্তির পর তাঁদের উদ্ধার করা হয়। রাস্তা অবরোধ থেকে শুরু করে পুলিশের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

আরও পড়ুন-মালদায় চাঁদের হাট! শিল্পী সংসদের উদ্যোগে শাস্ত্রীয় সংগীতের আসরে মুগ্ধ শ্রোতারা

কালিয়াচকের ওই ঘটনাকে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনআইএ (NIA)-র হাতে। প্রশাসনের স্পষ্ট বার্তা— ভোটের কাজে বাধা বা সরকারি অফিসারদের ওপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এই কড়া বার্তারই অংশ হিসেবে মালদহে এই বিশেষ বুলেটপ্রুফ গাড়ির মোতায়েন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রশাসনের মতে, এই বিশেষ গাড়ির উপস্থিতিতে জেলার স্পর্শকাতর এলাকাগুলোতে কেন্দ্রীয় বাহিনীর আত্মবিশ্বাস বাড়বে এবং দুষ্কৃতীরা পিছু হটতে বাধ্য হবে। বুধবার থেকেই জেলাজুড়ে রুট মার্চ ও এরিয়া ডমিনেশনের কাজে এই গাড়ি ব্যবহার করা হতে পারে। ভোটের আবহে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন যে একবিন্দু ছাড় দেবে না, বুলেটপ্রুফ গাড়ির আগমন তারই প্রমাণ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News Bazar 24