Dailyhunt
কলমেই শুরু পেশার পথ! মালদায় কলেজ পড়ুয়াদের নিজস্ব সংবাদপত্র 'দ্য কাব

কলমেই শুরু পেশার পথ! মালদায় কলেজ পড়ুয়াদের নিজস্ব সংবাদপত্র 'দ্য কাব

News Bazar 24 2 weeks ago

সাংবাদিকতায় হাতেখড়ি! কলেজ পড়ুয়াদের কলমেই প্রকাশিত হলো নিজস্ব সংবাদপত্র 'দ্য কাব'

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: শ্রেণিকক্ষের তাত্ত্বিক পড়াশোনার গণ্ডি পেরিয়ে এবার হাতে-কলমে সাংবাদিকতার আঙিনায় পা রাখল মালদার গৌড় কলেজের পড়ুয়ারা। খবর সংগ্রহ থেকে শুরু করে সম্পাদনা—সবটাই এখন ছাত্রছাত্রীদের কাঁধে।

কলেজের গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের (Journalism and Mass Communication) উদ্যোগে সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মাসিক সংবাদপত্র 'দ্য কাব' (The Cub)

সাংবাদিকতার পরিভাষায় যারা এই পেশায় নতুন বা শিক্ষানবিশ, তাঁদের আদর করে 'কাব' বলা হয়। গৌড় কলেজের ছাত্রছাত্রীরা যেহেতু এই পত্রিকার মাধ্যমেই সংবাদ জগতের পাঠ শুরু করছে, তাই কলেজ কর্তৃপক্ষ এই বিশেষ নামটি বেছে নিয়েছেন। মূল লক্ষ্য হলো—পড়ুয়ারা যেন কেবল বই পড়ে নয়, বরং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লিখন এবং সম্পাদনার কৌশল রপ্ত করতে পারে।

আরও পড়ুন-সরকারি ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখছেন? ৪১৮টি শূন্যপদে নিয়োগ শুরু করল ব্যাঙ্ক অফ বরোদা

সোমবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে পত্রিকাটির প্রথম সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের আইকিউএসির কো-অর্ডিনেটর ধৃতিমান চক্রবর্তী, গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের কো-অর্ডিনেটর অখিল কুমার দাস, বিভাগীয় প্রধান দেবশ্রী মিত্র, ইতিহাস বিভাগের অধ্যাপিকা সুপ্রিয়া বিশ্বাস-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করে।

এই মাসিক পত্রিকাটি মূলত ছাত্রছাত্রীদের সৃষ্টিশীলতার একটি আয়না হয়ে উঠবে। এখানে যেমন থাকবে কলেজের এবং এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, তেমনই জায়গা করে নেবে ছাত্রছাত্রীদের লেখা ছোটগল্প, কবিতা ও সমসাময়িক প্রবন্ধ। শুধু পড়ুয়ারা নয়, শিক্ষা ও সমাজ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে কলম ধরবেন কলেজের অভিজ্ঞ অধ্যাপক ও অধ্যাপিকারাও।

কলেজের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার এই উদ্যোগের প্রশংসা করে জানান, 'বর্তমান যুগে সাংবাদিকতা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা। ছাত্রছাত্রীদের আগামীর জন্য দক্ষ করে তুলতেই আমাদের এই প্রচেষ্টা। 'দ্য কাব' তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং পেশাদারিত্ব শিখতে সাহায্য করবে।'

বিভাগীয় প্রধান দেবশ্রী মিত্র জানান, এই পত্রিকার মাধ্যমে ছাত্রছাত্রীরা খবরের পেছনের খবর খোঁজা এবং নিরপেক্ষভাবে তা উপস্থাপনের পাঠ নেবে। এটি কেবল একটি কলেজ ম্যাগাজিন নয়, বরং সাংবাদিকতার ভবিষ্যৎ কারিগর তৈরির একটি আঁতুড়ঘর।

গৌড় কলেজের এই অভিনব উদ্যোগ মালদা জেলার শিক্ষা মহলে বেশ সাড়া ফেলেছে। পড়াশোনার পাশাপাশি এমন প্রায়োগিক শিক্ষা পড়ুয়াদের ক্যারিয়ারের পথে অনেকটা এগিয়ে দেবে বলেই মনে করছেন শিক্ষানুরাগীরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News Bazar 24