Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ঝড়বৃষ্টিতে ভাঙল কুলিকের গাছ, মৃত বহু পরিযায়ী পাখি

ঝড়বৃষ্টিতে ভাঙল কুলিকের গাছ, মৃত বহু পরিযায়ী পাখি

News Britant 19 hrs ago

#রায়গঞ্জঃ শনিবার গভীর রাতের ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ল রায়গঞ্জের কুলিক পাখিরালয়ের পরিযায়ী পাখিরা। প্রবল ঝোড়ো হাওয়ায় অভয়ারণ্যের একাধিক বড় গাছ ভেঙে পড়েছে। গাছের ডালপালা ভেঙে যাওয়ায় বাসা থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে বহু পরিযায়ী পাখির। আহত হয়েছে আরও বেশ কয়েকটি পাখি।

রবিবার সকালে বনদপ্তরের কর্মীরা অভয়ারণ্যে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের তীব্রতায় কয়েকটি পুরনো গাছ উপড়ে পড়ে এবং বহু গাছের ডাল ভেঙে যায়। সেই সময় গাছগুলিতে থাকা অসংখ্য পাখির বাসা ক্ষতিগ্রস্ত হয়। বাসা থেকে ছিটকে পড়ে অনেক পূর্ণবয়স্ক পাখির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।

রায়গঞ্জ বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, বনদপ্তরের কর্মীরা মৃত পাখিগুলিকে সংগ্রহ করার পাশাপাশি আহত পাখিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত বাসাগুলির বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, বর্ষা শুরু হতেই রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে হাজার হাজার পরিযায়ী পাখির আগমন ঘটে। এশিয়ার অন্যতম বৃহৎ উন্মুক্ত পাখিরালয় হিসেবে পরিচিত কুলিকে প্রতি বছর দেশ-বিদেশের পর্যটকদের ভিড় জমে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে পাখিদের এই ক্ষতি পরিবেশপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব তৈরির কাজ চলছে। পাশাপাশি আহত পাখিদের দ্রুত সুস্থ করে তোলার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News Britant