Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
উত্তরবঙ্গের AIIMS রায়গঞ্জেই হোক দাবিতে রায়গঞ্জের বাসে স্টিকার

উত্তরবঙ্গের AIIMS রায়গঞ্জেই হোক দাবিতে রায়গঞ্জের বাসে স্টিকার

News Britant 22 hrs ago

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃউত্তরবঙ্গে প্রস্তাবিত AIIMS-সদৃশ হাসপাতাল রায়গঞ্জে স্থাপনের দাবিতে এবার সরব হল উত্তর দিনাজপুর জেলা বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের সামনে "উত্তরবঙ্গের AIIMS রায়গঞ্জেই হোক" লেখা স্টিকার সাঁটানো শুরু হয়েছে।

সংগঠনের সম্পাদক প্লাবন প্রামাণিক জানান, উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং বিস্তীর্ণ এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করলে রায়গঞ্জই AIIMS-সদৃশ হাসপাতালের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। তিনি বলেন, "রায়গঞ্জ উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এখান থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ একাধিক জেলার মানুষ সহজেই যোগাযোগ করতে পারেন। তাই এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান রায়গঞ্জে হলে সমগ্র উত্তরবঙ্গ উপকৃত হবে।"

তিনি আরও জানান, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং দাবির প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যেই বাসগুলিতে স্টিকার লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে চলাচলকারীকারী বাসে ইতিমধ্যেই এই স্টিকার লাগানো হয়েছে এবং আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে এই প্রচার অভিযান চালানো হবে।

সংগঠনের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গে উন্নত চিকিৎসা পরিকাঠামোর অভাব রয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য কলকাতা বা অন্য রাজ্যে যেতে হয়। AIIMS-সদৃশ হাসপাতাল রায়গঞ্জে স্থাপিত হলে শুধু উত্তর দিনাজপুর নয়, গোটা উত্তরবঙ্গের মানুষের চিকিৎসা পরিষেবা অনেকটাই সহজলভ্য হবে।

বাস মালিক সংগঠনের এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া মিলছে বলে দাবি সংগঠনের নেতৃত্বের। তাঁদের আশা, জনমত গড়ে উঠলে রাজ্য ও কেন্দ্র সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News Britant