Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১৫ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা দফতরের মনোনীত প্রতিনিধি হিসেবে থাকবেন সরকারি আধিকারিকরা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের

১৫ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা দফতরের মনোনীত প্রতিনিধি হিসেবে থাকবেন সরকারি আধিকারিকরা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের

লকাতা:বার্থ সার্টিফিকেটের পর এবার বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক প্রভাব কমাতে শুভেন্দু অধিকারী সরকারের বড় পদক্ষেপ। এবার বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে রাজনৈতিক প্রতিনিধি বা রাজনৈতিক দলের মনোনীত অধ্যাপক সংগঠনের অধ্যাপক-অধ্যাপিকাদের বদলে সরকারি আধিকারিকদের দিয়েই হবে নিয়োগ। উচ্চশিক্ষা দফতরের সরকারি আধিকারিকরাই থাকবেন কোর্ট আর কাউন্সিলের উচ্চশিক্ষা দফতরের মনোনীত প্রতিনিধি হিসেবে।

রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ১৫টি বিশ্ববিদ্যালয়ের কোর্ট ও এক্সিকিউটিভ কাউন্সিলে উচ্চশিক্ষা দফতরের শীর্ষ সরকারি আধিকারিকদেরই প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিল রাজ্য সরকার। এই মনোনয়ন ৪ বছরের জন্য কার্যকর থাকবে অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে বলেই নির্দেশিকায় জানানো হয়েছে।

যাদবপুর, রবীন্দ্রভারতী, কল্যাণী, কাজী নজরুল, গৌড়বঙ্গ, বর্ধমান-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে এই নিয়োগ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিল বা কোর্টে তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনে থাকা অধ্যাপক -অধ্যাপিকাদেরই মনোনয়ন দেওয়া হত। কিন্তু এবার এই নিয়ম ভাঙল নতুন সরকার।

এবার পালাবদলের সঙ্গে সঙ্গে এক্ষেত্রেও বদল আনছে রাজ্য সরকার। মনোনীতদের মধ্যে রয়েছেন IAS ও WBCS-এর একাধিক শীর্ষ আধিকারিক, যাঁরা বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণ ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের বৈঠকে সরকারের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের কোর্ট ও এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক সম্ভব হলে শনিবার বা কর্মদিবসের শেষভাগে আয়োজন করতে হবে বলেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়ার আগে সংশ্লিষ্ট আধিকারিকদের উচ্চশিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে দ্রুত লিখিত রিপোর্ট উচ্চশিক্ষা দফতরে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সম্প্রতি বার্থ ও ডেথ সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাব কমাতে পঞ্চায়েত প্রধানদের পরিবর্তে প্রশাসনিক আধিকারিকদের এই দায়িত্ব দেওয়ার কথা বলা হয়। তৃণমূলের আমল থেকে প্রশাসনিক কাজে যে ভাবে রাজনীতি ঢুকে পরে বিভিন্ন ক্ষেত্রে তা নিয়ন্ত্রণ করতে তৎপর বর্তমান সরকার। বিশেষজ্ঞ মহলের মতে সম্ভবত সেই কারণেই এবার বিশ্ববিদ্যালয়েও পুরনো নিয়মে আসছে বড়সড় রদবদল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali