আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন লিওনেল মেসি। বিশ্বজুড়ে ফুটবল প্রেমিদের পাশাপাশা মন খারাপ কলকাতা তথা বাংলারও। তবে সেই মন খারাপের ক্ষতে কিছুটা প্রলেপ দিতে তৈরি ক্রীড়া উদ্যোগতা শতদ্রু দত্ত। বিশ্বকাপের সময়তেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর এবার অবসরের পর একপ্রকার জানিয়ে দিলেন, "আমি মেসিকে ফের আনবই"।
আবার কলকাতায় মেসি! আরও একবার আর্জেন্টাইন মহাতারকাকে কলকাতায় নিয়ে আসার অঙ্গীকার শতদ্রু দত্তের। গতবার মেসি যখন কলকাতায় এসেছিলেন, হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন অনেকে। কী কাণ্ড ঘটেছিল তা সকলের জানা। যুবভারতীতে মেসির দর্শন পাননি বহু মানুষ। এবার আরও একবার সুযোগ আসতে পারে মেসিকে সামনে থেকে দেখার। সামনের বছর আবার কলকাতায় আসতে পারেন বিশ্বজয়ী আর্জেন্টাইন লেজেন্ড।
মেসির অবসরের সিদ্ধান্তের পর News18 Bangla-কে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে শতুদ্র দত্ত জানান,"বিশ্বকাপের ফাইনালের পরই অবসর নিয়ে সিদ্ধান্ত প্রায় নিয়ে নিয়েছিল মেসি। বাবার মৃত্যুর পর তা চূড়ান্ত করে ফেলে। আপাতত মিয়ামিতে থকবে বলে জানিয়েছে মেসির এজেন্টরা। মেসি ছাড়া আর্জেন্টিনা ভাবাই যায় না। আগামী কিছুটা সময় কঠিন হবে আর্জেন্টিনা দলের জন্য।"
এরপরই মেসির কলকাতায় আসা নিয়ে বড় প্রতিক্রিয়া দেন শতদ্রু দত্ত। তিনি বলেন, "আমি মেসিকে আবার আনব। অক্টোবরে আবার দেখা করতে যাচ্ছেন মেসির সঙ্গে। তাঁর এজেন্টদের সঙ্গে আমার সবরকম কথাবার্তা চলছে। আগামী বছর মেসিকে ফের কলকাতায় নিয়ে আসবই। আর এবার মেসি কলকাতায় এসে খেলবেন। শুধু হাত নাড়বেন বা বল মারবেন না।" ফলে ফের একবার সল্টলেক স্টেডিয়ামে মেসির খেলা দেখার জন্য আশায় বুক বাঁধতেই পারেন মেসি ফ্যানেরা।

