কলকাতা:বারুইপুর কাণ্ডে দোষীদের চরম শাস্তির হুঁশিয়ারি আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ঘটনার তদন্তে আইজি-র নেতৃত্বে পুলিশ, সিট সবাই কাজ করছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই আবহে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুর যাবেন। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন যে, নাবালিকার পরিবার সরকারের কাছে যা যা চেয়েছে সেই কাজ সরকার করছে।
পরিবার, সরকার এবং পুলিশের কাছ থেকে যা যা চেয়েছে তা তাঁরা পাবেন । কোনও পুলিশ কর্মীর গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী।
আজ, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ মুখ্যমন্ত্রী তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে বারুইপুরে জেলা পুলিশ কার্যালয়ে উপস্থিত থাকবেন। এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সোমবার সাফ জানান, ''মিসিং ডায়রি হওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসন যদি যথেষ্ট সচেষ্ট না হয়ে থাকে, কারও কোনও গাফিলতি থাকলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে দরজা দেখিয়ে দেব। নির্যাতিতার বাবা ও পরিবার যা যা চাইবেন তিনি তাঁদেরকে তা দেওয়ার জন্য প্রস্তুত। ন্যায় বিচার পাবেন। ক্যাপিটাল পানিশমেন্টের জন্যও যা যা সুপারিশ করা দরকার রাজ্যের সরকার তা করবে।''
নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুকুর থেকে নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সরকারে আসার পরপরই যে জিরো টলারেনসের পথেই হাঁটবে নয়া সরকার তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। আর আজ মঙ্গলবার বারুইপুর পৌঁছে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেটাই এখন দেখার। এদিকে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আজ, মঙ্গলবার বিজেপির এক প্রতিনিধিদল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে সকালেই বারুইপুর যাচ্ছেন।

