মৎস্য দপ্তর (Fishermen Assistance) নিয়ে CAG-এর পর্যবেক্ষণ
১. একই উপভোক্তাকে একাধিকবার টাকা প্রদান
দক্ষিণ ২৪ পরগনার ১,১৭৪ জন উপভোক্তা একই নাম ও একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে একাধিকবার আর্থিক সহায়তা পেয়েছেন। এর ফলে ১৩টি ব্লকে অতিরিক্ত ৪৩.৪৯ লক্ষ টাকা প্রদান হয়েছে। CAG-এর মতে, গ্রাম পঞ্চায়েত ও ব্লক স্তরে যাচাই-বাছাই (Validation) ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল।
নামখানা BDO অডিটে এই অনিয়মের কথা স্বীকার করে জানান, অল্প সময়ে বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তি করতে গিয়ে এই ভুল হয়েছে।
২. বরাদ্দ থাকা সত্ত্বেও ৪৪.৭৮ লক্ষ খরচ হয়নি
নামখানা ব্লকে দ্বিতীয় কিস্তির ৪৪.৭৮ লক্ষ বরাদ্দ থাকলেও তা ২,৭৯৯ জন ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীকে দেওয়া হয়নি। ফলে অর্থ ৩১ মার্চ ২০২১-এ ল্যাপস করে যায়। অর্থ থাকা সত্ত্বেও প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে CAG-এর পর্যবেক্ষণ। BDO দাবি করেন, Old Age Pension ও Amphan ত্রাণের বরাদ্দ নিয়ে বিভ্রান্তির কারণেই এই অর্থ বিতরণ হয়নি।
৩. ব্যর্থ DBT লেনদেনের পরেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
দক্ষিণ ২৪ পরগনার ৫৭৩ জন উপভোক্তার ১১.৬০ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ত্রুটির কারণে পৌঁছায়নি। ভুল ব্যাঙ্ক তথ্য সংশোধন করে টাকা দেওয়ার জন্য কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি ব্লক প্রশাসন। ফলে ১১.৬০ লক্ষ বিতরণ না হয়ে ল্যাপস করে যায়। পরে প্রশাসন দাবি করে, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যোগাযোগের চেষ্টা হয়েছিল, কিন্তু তার কোনও প্রমাণ অডিটে দেখানো যায়নি।
প্রাণিসম্পদ দপ্তর (Animal Resources) নিয়ে CAG-এর পর্যবেক্ষণ
১. অসম্পূর্ণ তথ্য দিয়ে অডিটে অসহযোগিতা
উপভোক্তাদের তালিকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, Photo ID-সহ গুরুত্বপূর্ণ তথ্য ছিল না। ফলে ডুপ্লিকেট বা অতিরিক্ত অর্থপ্রদান হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি। CAG বলেছে, DBT-এর মাধ্যমে হওয়া অর্থপ্রদানের নির্ভুলতা নিশ্চিত করা যায়নি।
২. ৩১৬ ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার
দক্ষিণ ২৪ পরগনায় ২,৩৮০ জন উপভোক্তার তথ্য যাচাই করে দেখা যায়, ৩১৬টি ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। এই লেনদেনের মোট পরিমাণ প্রায় ০.১৭ কোটি (১৭ লক্ষ টাকা)। CAG-এর মতে, এতে উপভোক্তা শনাক্তকরণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
৩. একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক উপভোক্তার টাকা
১৮ জন উপভোক্তার ক্ষেত্রে একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাওয়া গেছে। এই লেনদেনের পরিমাণ প্রায় ০.০২ কোটি (২ লক্ষ টাকা)। অডিটের হিসাব অনুযায়ী, অন্তত ৩০,০০০ অতিরিক্ত অর্থপ্রদানের সম্ভাবনা ছিল।
৪. অতিরিক্ত অর্থপ্রদান হয়নি-এমন নিশ্চয়তা দিতে পারেনি দপ্তর
জেলা প্রশাসনের দাবি ছিল, দুটি আলাদা ধাপে আলাদা ক্ষতির জন্য আবেদন নেওয়া হয়েছিল। তবে পর্যাপ্ত তথ্য না থাকায় অতিরিক্ত বা দ্বৈত অর্থপ্রদান হয়নি-এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট মন্তব্য করেছে CAG। পরে প্রাণিসম্পদ দপ্তর জানায়, সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

