কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বেরিয়ে এল চমকে দেওয়া তথ্য। সোনারপুরে অভিষেককে ঘিরে শনিবার যে জনরোষ দেখা যায় যার ভিডিও ছবি মুহূর্তে ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়, সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। গ্রেফতার হওয়া ৫ জনই কি তৃণমূল কর্মী? মোবাইলে ভিডিও দেখে দাবি স্থানীয়দের।
এলাকায় গিয়ে জানা গেল ধৃত আকাশ গায়েন এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। শুধু তাই নয় ধৃতরা প্রত্যেকেই লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলেও দাবি স্থানীয়দের। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন আকাশ গায়েন। স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধোরের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন এবং ভাইরাল হওয়া ভিডিওতেও তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
বাসিন্দাদের অভিযোগ, আকাশ গায়েন আদতে এলাকার তৃণমূল কর্মী। তাদের দাবি, নিজেদের লোকজনকে দিয়ে হামলার ঘটনা ঘটিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে।স্থানীয়দের আরও অভিযোগ, আকাশ গায়েন ও তাঁর সহযোগীরা অতীতে সঞ্জুর সঙ্গে এলাকায় গিয়ে বাসিন্দাদের হুমকি দিয়েছিলেন। চার তারিখের পর গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি তাদের। বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং অভিযুক্তরা সেই চক্রেরই অংশ।
শনিবার নিহত কর্মীকে দেখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে বাইকে উঠে পড়েন। সেই সঙ্গে তাঁর দেহরক্ষী ছাড়াও প্রচুর বাইক এলাকায় ঢুকেছিল বলেও জানা গিয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে যে সময়ে যে বাইক বাহিনী হঠাৎ করে এলাকায় ঢুকেছিল সেই বাইক বাহিনী আচমকা কোথায় চলে গেল? সেই নিয়েও তদন্তে উঠে আসছে প্রশ্ন।

