শীতলকুচি, কোচবিহারঃ মাঝ বৈশাখে রাজ্যের জেলায় জেলায় ঝড়বৃষ্টির দাপট চলছে। এই দুর্যোগের প্রভাবে এবার ব্যাপক ক্ষতির মুখে কোচবিহারের শীতলকুচির বোরো ধান চাষিরা। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বোরো ধানে ধসা রোগ হয়েছে। এর জেরে বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান তাঁরা।
কৃষকরা বলেন, লাভের আশায় কেউ ৪ বিঘা, কেউ আবার ১০ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলেন।
তবে টানা বৃষ্টি ও ঠান্ডার কারণে জমিতে রোপণ করা ধান নষ্ট হয়ে গিয়েছে। ফলে এই পরিস্থিতিতে কী করবেন তা বুঝে উঠতে পারছেন না শীতলকুচির ধান চাষিরা।
আরও পড়ুনঃ দাঁতনের 'অলরাউন্ডার' স্কুল শিক্ষক! পড়ানোর পাশাপাশি আঁকা-সঙ্গীতেও তাক লাগানো প্রতিভা, এলাকার গর্ব বলছেন সকলে
এই বিষয়ে স্থানীয় এক কৃষক বলেন, "অতিরিক্ত ঠান্ডা ও বৃষ্টিতে ধসা রোগে আমার জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এখন কী করব বুঝতে পারছি না"।
ধানে কেন ধসা রোগ হল জিজ্ঞেস করায় ওই চাষি বলেন, অতিরিক্ত ঠান্ডা ও ভারী বৃষ্টির জন্য ধসা রোগ হয়েছে। এই সময় প্রখর রোদ থাকলে খুব ভাল হত। কিন্তু এই আবহাওয়ার জন্য ধসা ধরে যাওয়ায় সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গিয়েছে।
আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে বোরো ধান চাষে এমন ক্ষতির পর সরকারি সাহায্যের আর্জি জানান এই কৃষক। কিছু সাহায্য পেলে তাঁর খুবই সুরাহা হত বলে জানিয়েছেন তিনি।

