Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Baruipur Incident Update: বারুইপুর কাণ্ড নিয়ে শুভেন্দুকে ফোন সায়নীর! 'নিজে নজর রাখছেন মুখ্যমন্ত্রী', জানালেন যাদবপুরের সাংসদ

Baruipur Incident Update: বারুইপুর কাণ্ড নিয়ে শুভেন্দুকে ফোন সায়নীর! 'নিজে নজর রাখছেন মুখ্যমন্ত্রী', জানালেন যাদবপুরের সাংসদ

বারুইপুরে ১২ বছর বয়সি নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। যাদবপুরের সাংসদের দাবি, ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তির বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে বলেও সায়নী ঘোষকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বারুইপুরের সূর্যপুর। গণপ্রহারে মৃত্যু হয়েছে এক সন্দেহভাজনের। নাবালিকার উপরে এই নৃশংস নির্যাতনের নিন্দা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যাদবপুরের সাংসদ।

এক্স হ্যান্ডেলে সায়নী লেখেন, 'বারুইপুরে সূর্যপুরে এক নাবালিকা যে ঘৃন্য অপরাধের শিকার হয়েছে, তার তীব্র নিন্দা করি। তাঁর পরিবারের পাশে থেকে আমি অন্তর থেকে তাঁদের সমবেদনা জানাচ্ছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলেছি এবং তিনি নিজে পরিস্থিতির উপরে নজর রাখছেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। দোষীদের গ্রেফতার করা হচ্ছে, সিট গঠন করা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে শোকাহত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না এবং দ্রুত ন্যায়বিচার মিলবে। দ্রুত এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।'

সায়নী জানিয়েছেন, এলাকার সাংসদ হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে তিনিও লিখিত ভাবে এই দাবিগুলি জানাবেন। পাশাপাশি, নির্যাতিতা নাবালিকার পরিবারের পাশে থাকাকেই তিনি অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন যাদবপুরের সাংসদ।

তবে একই সঙ্গে যেভাবে গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে, তারও নিন্দা করেছেন সায়নী ঘোষ। এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্যও সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন যাদবপুরের সাংসদ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali