বারুইপুর, অর্পণ মণ্ডল: বারুইপুরে উত্তেজনার জেরে কড়া পদক্ষেপ প্রশাসনের। বারুইপুর-নরেন্দ্রপুর-সোনারপুরে জারি হল বিএনএস ১৬৩ ধারা। বারুইপুরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও রকম উত্তেজনা বা বেআইনি জমায়েতের সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে প্রশাসন কড়া পদক্ষেপ করেছে বলেই সূত্রের খবর।
ঘটনায় ইতিমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেই সূত্রের খবর।
উত্তেজনা বারুইপুরে
প্রসঙ্গত, ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে গতকাল, রবিবার থেকেই উত্তপ্ত বারুইপুর। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ-অবরোধ-ভাঙচুর। রবিবার পুলিশ প্রথমে গেলে তাদের ঢিল ছুড়ে মারার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। ঘটনায় আহত হন বেশ কিছু পুলিশকর্মীও। শিয়ালদহ-নামখানা লাইনে অবরোধের জেরে গতকাল, ঘণ্টাখানেক বন্ধ ছিল ট্রেন চলাচল। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে সড়কও। ঘটনায় এক সন্দেহজনক অভিযুক্তকে গণপ্রহারের ফলে ওই সন্দেহভাজনের মৃত্যু হয়। পুলিশের অ্যাকশান রেপিড ফোর্স ঘটনাস্থল যায়।
কী ঘটেছিল?
গত শনিবার বাড়ি থেকে দূরে একটি পুকুরে দেহ উদ্ধার হয় মৃতা কিশোরীর। ঘটনাটি ঘটে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। প্রাথমিক তদন্তে বারুইপুর থানার পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ওই নাবালিকা শনিবার বিকেল ৪ টে থেকে নিখোঁজ ছিল।
পরিবারের অভিযোগ, খাবার কেনার জন্যই বেরিয়েছিল ওই নাবালিকা। তারপরে চার অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। বারুইপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা মৃতা ছাত্রীর বাবার মঙ্গলবার ভবানীভবনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী যা অভিযোগ রয়েছে সমস্তটাই শুনবেন। ঘটনার নিন্দা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বারুইপুর এলাকার সাংসদ সায়নী ঘোষ।
আটক ৪
নাবালিকার মৃত্যুর ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ইতিমধ্যে চারজনকে আটক করে বারুইপুর থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, আটক আরও ৩।

