Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'বয়স না যোগ্যতা দেখে ওকে একাদশে খেলানো উচিত', এবার বৈভবের হয়ে ব্যাট ধরলেন কপিল দেব!

'বয়স না যোগ্যতা দেখে ওকে একাদশে খেলানো উচিত', এবার বৈভবের হয়ে ব্যাট ধরলেন কপিল দেব!

ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৫ বছর বয়সী তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী অভিষেকের সুযোগ পাবেন কি না, তা নিয়ে ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে। প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া বৈভবের ভাগ্য নির্ধারণ টিম ম্যানেজমেন্টের হাতে থাকলেও, ক্রিকেট বিশেষজ্ঞরা এই নিয়ে নানা মতামত দিচ্ছেন।

এরই মধ্যে ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক কপিল দেব বৈভবের পাশে দাঁড়িয়ে বড় মন্তব্য করেছেন।

প্রাক্তন অধিনায়ক কপিল দেব স্বীকার করেছেন যে বৈভব অত্যন্ত প্রতিভাবান একজন ক্রিকেটার। বৈভবের সহজাত প্রতিভাকে তিনি সরাসরি সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলির মতো মহাতারকাদের সঙ্গে তুলনা করেছেন। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, টি-টোয়েন্টিতে দুর্দান্ত হলেও ক্রিকেটের আসল ব্যাকরণ লুকিয়ে রয়েছে লাল বলের খেলায়, যেখানে বৈভবের বড় পরীক্ষা এখনো বাকি।

'স্পোর্টস তক'-এ কথা বলার সময় কপিল দেব বলেন, "আমি বৈভবকে খুব বেশি খেলতে দেখিনি, তবে যতটুকু দেখেছি, তাতে কোনো সন্দেহ ছাড়াই বলা যায় ও অত্যন্ত প্রতিভাবান। ওঁর মধ্যে সচিন ও বিরাটের সমকক্ষ প্রতিভা নজর কাড়ে। তবে আমরা হয়তো একটু বেশিই আলোচনা করছি। ও এখনও বেশ ছোট, তাই ওঁকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন।"

কপিল দেব আরও যোগ করেন, বৈভবকে টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে বাকি ফরম্যাটেও নিজেকে প্রমাণ করতে হবে। যখন ও টেস্ট ক্রিকেটে নেমে প্রতিপক্ষের বিষাক্ত বোলিংয়ের মুখে টানা ৫ ওভার মেডেন খেলতে পারবে, তখনই ওঁর আসল পরিপক্বতা প্রকাশ পাবে। অবশ্য এত কম বয়সে বিশ্ব ক্রিকেটে বৈভবের মতো প্রভাব খুব কম খেলোয়াড়ই ফেলতে পেরেছেন বলে জানান কপিল দেব।

বর্তমানে ক্রিকেট বোদ্ধাদের একাংশ যেখানে বৈভবের দ্রুত অভিষেকের দাবি তুলছেন, সেখানে টিম ম্যানেজমেন্ট তাড়াহুড়ো না করে চিরাচরিত প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছে। এই প্রসঙ্গে কপিল দেব সচিনের কম বয়সে অভিষেকের উদাহরণ টেনে বলেন, "কখনো কখনো বেশি ভাবলে দেরি হয়ে যায়। ও যদি মানসিকভাবে প্রস্তুত থাকে, তবে বয়স না দেখে ওঁর যোগ্যতাকে প্রাধান্য দিয়ে একাদশে খেলানো উচিত।"

প্রথম ম্যাচে টপ অর্ডারে সঞ্জু স্যামসনের ব্যর্থতা বৈভবের অভিষেকের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে। এখন দেখার বিষয়, ৪ জুলাইয়ের এই হাই-ভোল্টেজ ম্যাচে অধিনায়ক শ্রেয়স আইয়ার ও কোচ গৌতম গম্ভীর তরুণ এই বিস্ময় বালকের ওপর ভরসা রাখেন নাকি বৈভবকে নিজের সুযোগের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali