সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় চমক ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। ভারতের হয়ে কনিষ্ঠতম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া বৈভব ইতিমধ্যেই নিজের ঝোড়ো ব্যাটিং দিয়ে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সেরা বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইলের সঙ্গে এখন তুলনা করা হচ্ছে এই তরুণ তুর্কীকে।
প্রথম ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের নিরিখে বৈভব নাকি গেইল-পরিসংখ্যানের বিচারে কে এগিয়ে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হলেও প্রথম তিন ম্যাচে বৈভবের ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ১৪, ১৩ ও ১৫ রান। তবে জিম্বাবোয়ে সফরে গিয়েই বিধ্বংসী রূপ নেন এই কিশোর। ৩ ম্যাচের সিরিজে ৫০, ২০ ও ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। ভারতের হয়ে এ পর্যন্ত খেলা ৬ টি-টোয়েন্টিতে তাঁর সংগৃহীত রান ১৯৩, যার মধ্যে রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি।
অন্যদিকে, ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের সূচনা করেছিলেন। শুরুর দুই ম্যাচে ব্যর্থ হলেও পরবর্তী ম্যাচগুলোতে তিনি রুদ্ররূপ ধারণ করেন। প্রথম ৬টি টি-টোয়েন্টি ম্যাচ শেষে গেইলের রান ছিল ২৬০, যার মধ্যে ছিল একটি শতরান এবং দুটি অর্ধশতরান। ফলে প্রথম ৬ ম্যাচের নিরিখে বৈভবের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন 'ইউনিভার্স বস'।
ছক্কার লড়াইয়েও গেইল ও বৈভবের মধ্যে কাঁটায় কাঁটায় টক্কর দেখা গেছে। প্রথম ৬টি টি-টোয়েন্টিতে গেইল হাকিয়েছিলেন ১৬টি ছক্কা, আর বৈভবের ব্যাট থেকে এসেছে ১৪টি ছক্কা। অর্থাৎ, বিগ হিটিংয়ের পরিসংখ্যানেও গেইল সামান্য ব্যবধানে এগিয়ে।
তবে বৈভবের একটি অনন্য সাফল্য রয়েছে যা গেইলের প্রথম ৬ ম্যাচে ছিল না। কেরিয়ারের ৫ম ম্যাচে গেইল শূন্য রানে (ডাক) আউট হয়েছিলেন, কিন্তু বৈভব এখন পর্যন্ত একবারও খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেননি। মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটের কিংবদন্তির সঙ্গেল এমন হাড্ডাহাড্ডি তুলনা প্রমাণ করে যে, আগামী দিনে 'বেবি বস' বৈভব সূর্যবংশী ক্রিকেট দুনিয়া শাসন করতে প্রস্তুত।

