ইজরায়েলের একমাত্র শক্তিশালী বন্ধু রাষ্ট্র হল আমেরিকা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মন্তব্যের পরেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, কেবল আমেরিকা নয়, পাশে রয়েছে শক্তিশালী ভারত। তাঁর কথায়, ভারতের মতো দেশ থেকেও ইজরায়েল বিপুল সমর্থন পায়।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, "আমাদের আরও কিছু বন্ধু রয়েছে, যেমন ভারত।
১৪০ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশ থেকে আমরা অসাধারণ সমর্থন পাই।" গাজা, ইরান ও লেবাননে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক মহলের একাংশের সমালোচনার মুখে পড়লেও, ভারত থেকে ইজরায়েল উল্লেখযোগ্য সমর্থন পাচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, ভারতের মানুষ সোশ্যাল মিডিয়ায় তাঁকে বিপুল পরিমাণ সমর্থনের বার্তা পাঠান। নেতানিয়াহুর কথায়, "ফেসবুকে আমি ভারতের মানুষের অসংখ্য বার্তায় ভেসে যাই। ওখান থেকে অভূতপূর্ব সমর্থন পাই। শুধু ভারতই নয়, আরও অনেক দেশ আমাদের পাশে রয়েছে।"
নেতানিয়াহুর দাবি, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করে ইজরায়েলের প্রতি সমর্থন জানান। যদিও নিজেদের দেশে জনমতের চাপে প্রকাশ্যে সেই সমর্থন জানাতে পারেন না। পাশাপাশি তাঁরা প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার প্রযুক্তির ক্ষেত্রে ইজরায়েলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
তিনি বলেন, "অনেক নেতা আমাকে ফোন করে বলেন, 'আমাদের দেশে জনমতের চাপ রয়েছে, কিন্তু আমরা আপনাদের সম্মান করি। আমরা কি একসঙ্গে কিছু চুক্তি করতে পারি? আপনাদের সেনাবাহিনী যেভাবে কাজ করে, সেখান থেকে কি কিছু শিখতে পারি?'"
নেতানিয়াহু আরও বলেন, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সম্মান করেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইজরায়েলের ইতিহাসে হোয়াইট হাউসে থাকা "সবচেয়ে বড় বন্ধু" বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, সম্প্রতি জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন যে, যুক্তরাষ্ট্রই ইজরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র। সেই মন্তব্যের পরই ভারতের সমর্থনের কথা তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

