ভারতে দীর্ঘমেয়াদি অবস্থানের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের জন্য ইমিগ্রেশন সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫-এর একাধিক বিধি সংশোধন করে বিদেশিদের নিবন্ধনের সময়সীমা বদলানো হয়েছে। পাশাপাশি বিদেশি বাবা-মায়ের ভারতে জন্মানো সন্তানদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নিয়ম শিথিলও করা হয়েছে।
সোমবার সরকারি গেজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব বিদেশি নাগরিক ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে এসেছেন এবং নির্ধারিত সময়ের বেশি দেশে থাকতে চান, তাঁদের এখন ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
এর আগে নিয়ম ছিল, ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে বিদেশিরা নিবন্ধন করতে পারতেন। নতুন সংশোধিত বিধিতে সেই সুযোগ তুলে দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসাধারীদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে, যদি তাঁদের ভিসায় উল্লেখ থাকে যে একটানা অবস্থান ১৮০ দিনের বেশি হতে পারবে না। সেক্ষেত্রে একবারে বা একটি ক্যালেন্ডার বছরে মোট অবস্থানের সময়সীমা ১৮০ দিনের বেশি করতে চাইলে আগেভাগেই নিবন্ধন করতে হবে।
কেন্দ্র আরও স্পষ্ট করেছে যে, নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পর নিবন্ধনের অনুমোদন শুধুমাত্র জরুরি বা বিশেষ পরিস্থিতিতেই দেওয়া হবে।
বিদেশি বাবা-মায়ের সন্তানদের ক্ষেত্রে স্বস্তি
সংশোধিত নিয়মে ভারতে জন্মানো শিশুদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগে বিদেশি বাবা-মায়ের সন্তান ভারতে জন্মালে, জন্মের ৩০ দিনের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন অফিসারকে তা জানানো বাধ্যতামূলক ছিল। নতুন ভিসা বা দেশত্যাগের অনুমতি পাওয়ার ক্ষেত্রেও এই তথ্য জমা দেওয়া প্রয়োজন হতো।
তবে নতুন নিয়মে বলা হয়েছে, যদি বাবা বা মা-র মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে এই বাধ্যবাধকতা আর প্রযোজ্য হবে না।
তবে ওই শিশু পরে ভারতে বসবাসরত অবস্থায় অন্য কোনও দেশের নাগরিকত্ব গ্রহণ করলে, সেই নাগরিকত্ব পাওয়ার ৩০ দিনের মধ্যে বাবা বা মা-কে রেজিস্ট্রেশন অফিসারকে বিষয়টি জানাতে হবে।
হাসপাতালগুলির জন্যও বদল
সর্বশেষ বিজ্ঞপ্তিতে হাসপাতাল, নার্সিংহোম এবং চিকিৎসা পরিষেবার পাশাপাশি আবাসন বা রাতযাপনের সুবিধা দেওয়া অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও রিপোর্টিং সংক্রান্ত নিয়ম ও প্রশাসনিক প্রক্রিয়ায় সংশোধন আনা হয়েছে।
সরকারি সূত্রের মতে, এই পরিবর্তনের লক্ষ্য বিদেশিদের নিবন্ধন ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করা এবং অভিবাসন সংক্রান্ত তথ্যভাণ্ডারকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা।

