ভারত ও পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই দর্শকদের মধ্যে এক অন্যরকম টানটান উত্তেজনা ও বাড়তি উন্মাদনা কাজ করে। ক্রিকেটপ্রেমীদের জন্য আসন্ন রবিবার হতে চলেছে এক সত্যিকারের 'সুপার সানডে'। ২২ গজে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি। জাম্বিয়ার রাজধানী লুসাকার 'লোটাস স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে' আয়োজিত 'এশিয়ান লেজেন্ডস লিগ ২০২৬'-এর মেগা ম্যাচে আগামী ২ আগস্ট মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়ান রয়্যালস এবং পাকিস্তান প্যান্থার্স।
৩০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত আয়োজিত ৬টি দলের এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মহারণটি হতে যাচ্ছে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ। একদিকে থাকছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ইন্ডিয়ান রয়্যালস, অন্যদিকে মহম্মদ হাফিজের পরিচালনায় পাকিস্তান প্যান্থার্স। দুই শিবিরের তারকাখচিত স্কোয়াড এবং চিরপ্রতিদ্বন্দ্বী মনোভাব ম্যাচটিকে চরম রোমাঞ্চকর করে তুলবে বলে আশা করা হচ্ছে।
সময়সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের এই হাই-ভোল্টেজ ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে এবং ভারতীয় সময় (IST) বিকেল ৪টেয় শুরু হবে। টসের জন্য দুই দলের অধিনায়ক মাঠে নামবেন বিকেল ৩টে ৩০ মিনিটে। বহু দিন পর ক্রিকেট ভক্তরা প্রাক্তন এই মহাতারকাদের আবারও ২২ গজে সামনা-সামনি লড়াই করতে দেখার সুযোগ পাবেন। সোনি স্পোর্টস নেটওয়ার ও ফ্যানকোডে দেখা যাবে এই ম্যাচ।
ইন্ডিয়ান রয়্যালস স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), নমন ওঝা (উইকেটরক্ষক), অম্বাতি রায়ডু, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, দীনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, শাহবাজ নাদিম, হরভজন সিং, পবন নেগি, মনপ্রীত গনি, ঋষি ধাওয়ান, সুদীপ ত্যাগী, ফৈজ ফজল, শাদাব জকাতি, অনুরিত সিং, আসাদ পাঠান, সারুল কানওয়ার, ঈশ্বর পান্ডে, রাঘব ধাওয়ান এবং সুবোধ ভাটি।
পাকিস্তান প্যান্থার্স স্কোয়াড: শারজিল খান, উমর আকমল, মহম্মদ হাফিজ (অধিনায়ক), শোয়েব মালিক, কামরান আকমল (উইকেটরক্ষক), ইমরান নাজির, সামি আসলাম, আবদুর রেহমান, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, সঈদ আজমল, নাভেদ-উল-হাসান, মহম্মদ ইরফান, ইয়াসির শাহ এবং রানা নাঈম আনোয়ার।

