ঝন্টু মণ্ডল, কালিয়াচক, মালদহ: ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মণিপুরে শহিদ হলেন মালদহের মোথাবাড়ির বিএসএফ জওয়ান।ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, শহিদ বিএসএফ জওয়ানের নাম মিঠুন মণ্ডল(৩৪)। বাড়ি মালদহের মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজানটোলা এলাকায়।
বাবা মন্টু মণ্ডল পেশায় কৃষক। ছোটো ছেলে তুফান মণ্ডলকে নিয়ে কৃষিকাজ করেন। আর বড় ছেলে মিঠুন গত নয় বছর ধরে বিএসএফ-এ চাকুরিরত ছিলেন। মূলত তাঁর আয়েই সংসার চলত।
পরিবার সূত্রে খবর, মিঠুন বর্তমানে মণিপুর রাজ্যের উখরুল জেলার মংকট চেপুতে কর্মরত ছিলেন। শুক্রবার তিনি সেখানেই ডিউটিতে ছিলেন। ওই সময় আচমকা অজানা দিক থেকে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে তিনি শহিদ হন। বাড়িতে বাবা, মা, স্ত্রী ও দুই নাবালক সন্তান রয়েছে মিঠুনের। গভীর শোকের ছায়া নেমে আসে মোথাবাড়ির ভাগজানটোলা এলাকায়।

