Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Cafu to visit Darjeeling : দার্জিলিংয়ে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার, ব্রাজিল ম্যাচের আগে বড় সুখবর, পাহাড়ে উত্তেজনা তুঙ্গে

Cafu to visit Darjeeling : দার্জিলিংয়ে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার, ব্রাজিল ম্যাচের আগে বড় সুখবর, পাহাড়ে উত্তেজনা তুঙ্গে

লকাতা : ২০০২ ফিফা বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক ও ফুটবল কিংবদন্তি কাফু চলতি সপ্তাহের শেষে দার্জিলিংয়ে আসছেন। প্রাক্তন এই রাইট-ব্যাক আগামী ৬ সেপ্টেম্বর দার্জিলিং পাহাড়ে একটি প্রস্তাবিত স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন।

আরিয়া চা বাগানে আসছেন ব্রাজিল কিংবদন্তি-

'দ্য টেলিগ্রাফ'-এর একটি প্রতিবেদন অনুসারে, কাফু (যাঁর পুরো নাম মার্কোস ইভানজেলিস্তা দে মোরাইস) দার্জিলিং শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত 'আরিয়া চা বাগান' (Arya Tea Estate)-এ প্রস্তাবিত 'সিদ্রা হিলস স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস রিসোর্ট'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

কিংবদন্তি কাফু 'দার্জিলিং ওয়ারিয়র্স এফসি' এবং 'নর্থ বেঙ্গল ফাইটার্স এফসি' নামে দুটি ফুটসাল (Futsal) দলের সূচনাও করবেন। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত এবং প্রায় ৩০০ একর জুড়ে বিস্তৃত এই চা বাগানটি নিজেদের পর্যটন ব্যবসাকে আরও প্রসারিত করার অংশ হিসেবে এই রিসোর্ট তৈরি করছে। প্রায় ২০০ জন শ্রমিক কর্মরত এই চা বাগানটিতে। এখন পর্যটকদের জন্য একটি ক্রীড়া ও ওয়েলনেস কেন্দ্র যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে তাদের তরফে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি প্রথমে চা বাগানের ফুটবল মাঠে করার পরিকল্পনা থাকলেও পরে তা লেবং-এর অপেক্ষাকৃত বড় 'গোর্খা স্টেডিয়াম'-এ সরিয়ে নেওয়া হয়েছে। আগামী রবিবার দুপুর ১টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। কাফু স্টেডিয়াম থেকেই ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে সদ্য আত্মপ্রকাশ করা দুটি ফুটসাল দলের মধ্যে একটি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং শিল্প, বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রী তাপস রায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

ব্রাজিলের জার্সিতে কাফু খেলেছেন চারটি বিশ্বকাপ-

৫৬ বছর বয়সী কাফুর উপস্থিতি কেবল একটি নতুন ক্রীড়া প্রকল্পের উদ্বোধনের চেয়েও অনেক বেশি তাৎপর্য বহন করছে। তিনি ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম সফল খেলোয়াড় এবং ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলেছেন।

ব্রাজিলের প্রাক্তন এই অধিনায়ক ১৯৯৪ থেকে ২০০৬ সালের মধ্যে চারটি বিশ্বকাপে অংশ নিয়ে মোট ২০টি ম্যাচ খেলেছেন। তিনি ১৯৯৪ এবং ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য ছিলেন। এছাড়া ১৯৯৮ সালের ফাইনালেও তিনি খেলেছিলেন, যেখানে ব্রাজিল ফ্রান্সের কাছে পরাজিত হয়।

২০০২ সালে কাফুর নেতৃত্বেই ব্রাজিল তাদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা জেতে। জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠিত ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ফলে দার্জিলিংয়ে তাঁর এই উপস্থিতি ফুটবলপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ।

দার্জিলিংয়ে ফুটবল ও পর্যটনের মিলন

আয়োজকদের বিশ্বাস, কাফুর এই সফর দার্জিলিং পাহাড়ের ক্রীড়া জগতে এক নতুন মাত্রা যোগ করবে। কাফুর জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পাহাড়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali