তেহরান: ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি আবাসিক বাড়িতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। ইরানের রেড ক্রিসেন্টের দাবি, মঙ্গলবার এই হামলা চালানো হয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায়।
রেড ক্রিসেন্ট জানিয়েছে, যে বাড়িটিতে হামলা হয় সেখানে তখন বিয়ের অনুষ্ঠান চলছিল।
মার্কিন হামলার পর ক্ষেপণাস্ত্রের ছিটকে আসা ধাতব টুকরোয় বাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন আহত হন। প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসনের তরফে দু'জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়ায়।
হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার এবং পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। ইরানের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিয়োতে হামলার পরবর্তী পরিস্থিতির ছবি দেখা গেলেও, সেই ভিডিয়ো এবং হতাহতের পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইরানের হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর হামলাটিকে 'যুদ্ধাপরাধ' বলে অভিযোগ করেছেন। তবে মার্কিন সেনাবাহিনী ঠিক কী লক্ষ্যবস্তুতে হামলা চালাতে চেয়েছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
সিরিক কাউন্টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই চরমে পৌঁছেছে।
ট্রাম্প-ইরান সংঘাতের মধ্যেই হামলা
মার্কিন ও ইরানের মধ্যে পালটা হামলা ও হুমকির আবহেই এই ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এবং ওই অঞ্চলে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের রেভলিউশনারি গার্ডসের হামলার চেষ্টার জবাবেই সাম্প্রতিক মার্কিন হামলা চালানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে ইরান সমুদ্রপথে মাইন পাতার চেষ্টা এবং জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এই হামলা চালানো হয়। পালটা ইরানের রেভলিউশনারি গার্ডসও আমেরিকাকে নতুন হামলার জন্য সতর্ক করেছে।
ফলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন-ইরান সংঘাত আরও বড় আকার নিতে পারে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

