চণ্ডীতলা: অভিষেকের পর কল্যাণ। জনরোষের মুখে ফের তৃণমূল সাংসদ। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার তাঁরই লোকসভা কেন্দ্রের অন্তর্গত চণ্ডীতলায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় তাঁকে নিগ্রহ করা হয়।
তৃণমূল সাংসদের অভিযোগ, তাঁকে ইট বা ডিউস বল জাতীয় কিছু ছুঁড়ে মারা হয়েছে।
ঘটনায় তিনি আহত হন। রাস্তায় লুটিয়ে পড়েন। পরবর্তী সময়ে তাঁর দলীয় কর্মীরা কল্যাণকে উদ্ধার করে নিয়ে যান। থানার বাইরে তিনি অবস্থানে বসেন। তাঁর অভিযোগ বিজেপি কর্মীরা তাঁকে মারধর করেছে।
প্রসঙ্গত, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নজিরবিহীন মারধর, ডিম ছোড়া থেকে শুরু করে জামা ছিঁড়ে দেওয়ার মতো হামলার পর রবিবার প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল হুগলির চণ্ডীতলায়। অভিযোগ, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হয় ঢিল, ওঠে 'চোর' স্লোগানও।
জনতার ছোড়া ঢিলে মাথায় আঘাত পেয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়ে যান কল্যাণ। সাংসদকে ঘিরে থাকা তৃণমূল কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিলেও বিধ্বস্ত হয়ে পড়েন প্রবীণ তৃণমূল সাংসদ। পরে কিছুটা সুস্থ বোধ করার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় চণ্ডীতলা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। পুলিশকে তাঁর প্রশ্ন কারা মারল? কেন এখনও গ্রেফতার করা হল না তাদের? একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন বর্ষীয়ান তৃণমূল নেতা।
প্রসঙ্গত, অভিষেককে হেনস্তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আজ তৃণমূলের কর্মসূচি চলছে। আসানসোলের কোর্ট সংলগ্ন ঘড়িমোড়ের গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূল জেলা নেতৃত্বের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ চলে। প্রতিবাদ চলছে অন্যান্য জায়গাতেও।

